দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধের প্রতিবাদ এরশাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিগন্ত ও ইসলামিক টেলিভিশন বন্ধ করা এবং পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ সোমবার এক বিবৃতিতে এরশাদ এ প্রতিবাদ জানান।বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এরশাদ বলেন, ‘তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা স্তব্ধ করার জন্য কোনো গণমাধ্যমের প্রচার বন্ধ করা গণতান্ত্রিক আচরণের পরিপন্থী। আমি আশা করি, সরকার এ বিষয়টি বিবেচনায় রেখে দিগন্ত ও ইসলামিক টেলিভিশনকে পুনরায় সম্প্রচারের সুযোগ দেবে। এ দুটি টিভি চ্যানেল আইনপরিপন্থী কোনো কাজ করে থাকলে সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু আক্রোশের বশবর্তী হয়ে কোনো সংবাদমাধ্যম বন্ধ করা গণতান্ত্রিক দেশে কাম্য হতে পারে না।’ বিবৃতিতে এরশাদ হেফাজতে ইসলামের কর্মসূচির সময় পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানান। তিনি হামলাকারীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান।