দিঘি নাই, আছে দীর্ঘশ্বাস
জামতলা থেকে তালতলা যাওয়ার পথে একটি বড় পুকুর ছিল। এ পুকুরটি সব সময় পানিতে টইটম্বুর থাকত। গোবিন্দ জিউর আখড়ার মালিকানাধীন পুকুরটি হঠাৎ করেই ভরাট করে ফেলে কর্তৃপক্ষ। বর্তমানে লাঠি দিয়ে চারদিক ঘেরাও করে রাখা হয়েছে। যে-কেউ প্রথমে দেখলে বুঝতেই পারবে না, এখানে এক বছর আগেও একটি পুকুর ছিল।একইভাবে দাড়িয়াপাড়া এলাকার ব্যক্তিমালিকানাধীন তিনটি পুকুর ভরাট করে তৈরি করা হয়েছে আবাসনব্যবস্থা। খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি পুকুর দখলের পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন পুকুরও ভরাট চলছে সমান তালে। গত কয়েক বছরে নগরে ভরাট হয়েছে প্রায় পাঁচ শতাধিক পুকুর।নগরের ধোপাদিঘিটি সিলেট সিটি করপোরেশনের আওতাধীন। করপোরেশন থেকে লিজ নিয়ে কিছু অংশে মিজান আজিজ চৌধুরী নামের এক ব্যক্তি গড়ে তুলেছেন একটি শিশুপার্ক। বাকি অংশে গাড়ি ও কাপড় ধোয়ার কাজ চলে। এ ছাড়া বড় একটা অংশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। দিঘির যে জায়গায় এখনো পানি রয়েছে, সেই অংশে এক ব্যক্তি মাছের চাষ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সিলেটের রেভিনিউ ডেপুটি কালেক্টর তারেক মোহাম্মদ জাকারিয়া প্রথম আলোকে বলেন, ওই দিঘিতে মাছের চাষ করার আবেদন জানিয়ে এক ব্যক্তি মন্ত্রণালয়ে আবেদন করেন, তবে কোনো ধরনের অনুমতি পাওয়ার আগেই তিনি মাছের চাষ করা শুরু করে দিয়েছেন।মির্জাজাঙালের মাছুদিঘিরপাড় এলাকায় ছিল ঐতিহ্যবাহী মাছুদিঘির অবস্থান। এলাকাবাসী অভিযোগ করেন, গত কয়েক বছরে ধারাবাহিকভাবে ময়লা-আবর্জনা ও মাটি ফেলে দিঘিটির ভরাটকাজ সম্পন্ন হয়। ৯ আগস্ট সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই ভরাট হওয়া দিঘির বড় একটা অংশ জুড়ে একটি রিকশা গ্যারেজ গড়ে উঠেছে। অন্য অংশে স্থানীয় বাসিন্দারা সবজি চাষ করছে, আর শিশুরা খেলাধুলা করছে। কোথাও কোথাও ইট-পাথর-রড জড়ো করা হয়েছে। রিকশা গ্যারেজে কর্মরত এক ব্যক্তিকে দখল বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন।সপ্তাহখানেক আগে উপশহর তেররতন এলাকায় ইন্দ্রাণীর দিঘি ভরাটের প্রক্রিয়া চলছিল বলে স্থানীয় পরিবেশ অধিদপ্তর এলাকাবাসীর বরাত দিয়ে জানায়। তবে একইসঙ্গে পরিবেশ অধিদপ্তর দাবি করছে, ভরাটের খবর পেয়ে এ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে দিঘিটি আগের মতোই রয়েছে।