দিঘি-পুকুরের সংখ্যাতথ্যে ভজকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর ও আশপাশে প্রায় দুই শতাধিক দিঘি-পুকুর রয়েছে। গত কয়েক বছরের মধ্যে ব্যক্তিমালিকানাধীন প্রায় পাঁচ শতাধিক পুকুর ভরাট হয়েছে। অথচ জলাধার সংরক্ষণে আইন থাকলেও বাস্তবে এসব আইনের কোনো প্রতিফলন হয়নি। সরকারি পরিসংখ্যানে আর বাস্তবতায় কোনো মিল নেই। দিঘি-পুকুর নিয়ে এই ভজকট অবস্থায় একের পর এক পুকুর ভরাট করে আবাসন তৈরি হচ্ছে। সিলেট সিটি করপোরেশনের সূত্রমতে, নগরে ১৩টি দিঘি রয়েছে। এগুলো হচ্ছে যতরপুর দিঘি, কাজী দিঘি, ব্রাহ্মণশাসন দিঘি, মাছুদিঘি, দস্তিদার দিঘি, মজুমদার দিঘি, রামের দিঘি, সাগরদিঘি, ধোপাদিঘি, ইন্দ্রাণী দিঘি, কাজলদিঘি, এমসি কলেজ দিঘি ও লামাদিঘি। এর মধ্যে সাগরদিঘি, রামের দিঘি, মাছুদিঘি ও মজুমদার দিঘির কোনো অস্তিত্ব নেই। এগুলো উদ্ধারেও কোনো তৎপরতা নেই। বাকি আরও চারটি দিঘি আংশিক বেদখলে চলে গেছে। সিটি করপোরেশনের তালিকাভুক্ত এসব দিঘি ছাড়াও সোনাতলা পুকুর, শেখঘাট জেলা পরিষদ ডাকবাংলো পুকুর, ভাতালিয়া মসজিদ পুকুর, ভাতালিয়া পুকুর, বিলপাড় আখড়া পুকুর, কাষ্টঘর পুকুর, তোপখানা সদর ভূমি অফিস পুকুর, নাইওরপুল মসজিদ পুকুর, জেলা পুলিশ সুপার বাংলো পুকুর, উপশহর পুকুর, চালিবন্দর মহাশ্মশান পুকুর, আখালিয়া নোয়াপাড়া মসজিদ পুকুর, এলজিইডি পুকুর, শেখঘাট মসজিদ পুকুর, টিকরপাড়া আখড়া পুকুর, সৈয়দানীবাগ দিঘি, জল্লার দিঘি, চারাদিঘি, রামকৃষ্ণ মিশন পুকুর, আম্বরখানা বড়বাজার মসজিদ পুকুর, ব্রাহ্মণশাসন পুকুর, আখালিয়া পুকুরসহ প্রায় শতাধিক পুকুরের অস্তিত্ব পাওয়া গেছে। তবে এর মধ্যে বেশকিছু পুকুর আগের আয়তন হারিয়ে সংস্কারের অভাবে ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে।