দিতি আবার পরিচালনায়
আবারও নাটক পরিচালনা করতে যাচ্ছেন চিত্রনায়িকা দিতি। এবার তিনি মা দিবসের জন্য নাটক পরিচালনা করবেন। নাটকের নাম ভালো ‘থাকিস মা...’। পরিচালনার পাশাপাশি নাটকটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করবেন তিনি।দিতি বলেন, ‘প্রথম কাজের জন্য যে পরিমাণ দর্শক সমর্থন পেয়েছি, সেটাই আমার দ্বিতীয় কাজ নির্মাণে অনুপ্রেরণা জুগিয়েছে। নইলে অভিনয়ের বাইরে পরিচালনার জন্য সময় বের করা বেশ কষ্টকর কাজ।’ দিতি আর জানান, প্রায় দুই মাস মেয়ের সঙ্গে কানাডা বেড়িয়ে এসে আবারও পূর্ণোদ্যমে কাজ করছেন তিনি। ‘ভালোথাকিস মা...’ নাটকের কাহিনি গড়ে উঠেছে মডেল-অভিনেত্রী ঈশানা এবং তাঁর মা দিতিকে নিয়ে। মডেলিংয়ের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ছোট পর্দার সুপারস্টার সজলের সঙ্গে কাজের সুযোগ পায় ঈশানা। শুটিংয়ের সেট থেকে রূপসজ্জাকক্ষ সবখানেই সজল-ঈশানার সঙ্গে বসে থাকেন দিতি। অনেকের কাছে বিরক্তিকর মনে হলেও ঈশানা মা অন্তঃপ্রাণ। একটা সময় সজল-ঈশানা প্রেমের সম্পর্কে জড়ায়। দুই পরিবার তাদের বিয়েতেও পূর্ণ সম্মতি জানায়। কিন্তু হঠাত্ করেই একটি অপ্রীতিকর ঘটনা তিনজনের জীবন চিত্রনাট্য ওলটপালট করে দেয়। বিয়ে ভেঙে যায় সজল-ঈশানার।ভালো থাকিস মা... নাটকটি লিখেছেন রুম্মান রশীদ খান।দিতি জানান, আগামী ১৭ মার্চ থেকে গুলশানে দিতির নিজস্ব বাসভবনে নাটকের ধারণ কাজ শুরু হবে।উল্লেখ্য, এর আগে গত ঈদে ‘খুনসুটিকে দিলাম ছুটি’ নির্মাণের মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের খাতায় নাম লিখিয়েছিলেন দিতি।