দিতে পারেন খাবারের দোকান
স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি হয়েও পড়াশোনায় বেশি দূর এগোতে পারেননি মোজাম্মেল হক। গতানুগতিক বিষয়ে পড়াশোনার আগ্রহ ছিল না। মা-বাবা অনেক চেষ্টা করেছেন তাঁর পড়াশোনার জন্য। তবে এদিক থেকে পরিবারের আর্থিক সমস্যা ছিল না। কিন্তু তাঁর ইচ্ছে ছিল ছোটখাটো করে হলেও স্বাধীনভাবে নিজে কিছু করার। শেষ পর্যন্ত পরিবার এক রকম বাধ্য হয়েই তাঁর কথা মেনে নেয়। পরবর্তী সময়ে নিজের মতো কিছু করার উদ্দেশ্যে নিজের জেলা নোয়াখালী ছেড়ে ঢাকায় চলে আসেন এবং হোটেল ব্যবস্থাপনার একটি বিষয়ের ওপর ছয় মাস মেয়াদি শর্ট কোর্স শেষ করেন। প্রথমে ধানমন্ডিতে অবস্থিত মীনা বাজারের ক্যাফেতে ওয়েটার পদে যোগ দেন। সেখানে নিয়মিত কাজ শেষে বাড়তি সময়ে ক্যাফের কিচেনে কাজ শিখতে শুরু করেন। এর মধ্যে পরিচয় হয় ধানমন্ডিতে অবস্থিত মীনা বাজারে সিপির একটি আউটলেটের সঙ্গে। একসময় ক্যাফের চাকরি ছেড়ে যোগ দেন সিপির আউটলেটে। সেই সুবাদে সিপি কার্যক্রম সম্পর্কে জেনে গ্রিন রোডে ‘রেড চিলি’ নামে নিজেই একটি আউটলেট নেন। যেখানে আরও দুজন কর্মচারী তাঁর অধীনে কাজ করছেন। কর্মচারী ও দোকানের সব খরচ বাদ দিয়ে মাসে গড়ে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা আয় হয়। ‘প্রথমে পরিবার থেকে অভিমান থাকলেও পরবর্তী সময়ে আমার সফলতায় সবাই দারুণ খুশি হয়। এ ছাড়া আমি দুজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি, এটা আমার জন্য বড় পাওয়া।’ সিপি নামের একটি ফ্রায়েড চিকেনের চেইন শপ চালু করে নিজের সাবলম্বী হওয়ার বর্ণনা দিলেন মোজাম্মেল হক।সিপি প্রতিষ্ঠানের শুরু: ১৯২১ সালে থাইল্যান্ডে প্রথম এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির মূল ব্যবসা হলো কৃষি এবং খাদ্য নিয়ে। বাংলাদেশে১৯৯৮ সাল থেকে সিপি ব্যবসা পরিচালনা শুরু করে। বর্তমানে বিশ্বের প্রায় ২৫টিরও অধিক দেশে এই প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে। রাজধানীর বিভিন্ন জায়গায় মোট ৩০টি সিপির শাখা রয়েছে। প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো ‘সিপি ফ্রায়েড চিকেন’ ক্রেতাদের কাছে বিক্রি করা।যা থাকতে হবে: সিপির বিপণন ব্যবস্থাপক (খাদ্য) এম এম রাসেল আকন্দ বলেন, প্রথমে আপনার খাদ্যসামগ্রী বিক্রয়ের ইতিবাচক মানসিকতা থাকতে হবে। পাশাপাশি ব্যবসার জন্য সিদ্ধান্ত এবং পুঁজি ঠিক করতে হবে। তারপর যেখানে এ ধরনের ব্যবসা বা খাবার চলবে এ রকম স্থানে একটি দোকান নিতে হবে। তা ছাড়া আগে থেকেই সিপির সঙ্গে যোগাযোগ করে স্থান নির্বাচন বা দোকানের বিষয়ে পরামর্শ নিতে পারেন। দোকানটি খুব বড় না হলেও চলবে। সিপির পণ্য ছাড়াও পাশাপাশি রাখতে পারেন অন্যান্য খাবার। এ ছাড়া যাঁদের ইতিমধ্যে খাবারের দোকান বা অভিজ্ঞতা আছে, তাঁরা সহজেই নিতে পারবেন এই ব্যবসার সুযোগ।প্রতিষ্ঠান থেকে নির্বাচন-প্রক্রিয়া: আপনি সরাসরি সিপির বাংলাদেশে অবস্থিত কার্যালয় বা ফোনের মাধ্যমে বিক্রয় বিভাগে যোগাযোগ করতে পারেন। জানাতে পারেন আপনার আগ্রহের কথা। সময় অনুযায়ী প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আপনার এরিয়া ও দোকানটি দেখতে আসবেন। দোকানের ধরন ও ডেকোরেশনের ক্ষেত্রে সিপি থেকে ধারণা নিতে হবে। নিয়ম অনুসারে পছন্দ হলে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের অন্যান্য নিয়মকানুন বিষয়ে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে লিখিত চুক্তি করা হয়ে থাকে।যেসব সুযোগসুবিধা পাওয়া যায়: প্রতিষ্ঠান থেকে ব্যবসা পরিচালনা এবং ফ্রায়েড চিকেন বিষয়ের ওপর এক মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যবসার সুবিধার জন্য দোকান চালুর দিকে প্রায় দুই সপ্তাহ প্রতিষ্ঠান থেকে তত্ত্বাবধান করা হয়। দেওয়া হয় ফ্রায়েড চিকেন ভাজার জন্য উন্নতমানের যন্ত্র (কিওস্ক)।আরেকটা বড় সুবিধা হলো সিপির নিজস্ব খামার থেকেই আপনার দোকানে মুরগি সরবরাহ করা হবে,যেখানে মাংসের প্রতিটা টুকরা আলাদা করা এবং যাবতীয় মসলা দিয়ে প্যাকেট করা থাকে। এতে করে প্রতিষ্ঠান একদিকে যেমন তার গুণগত মান বজায় রাখে, অন্যদিকে আপনিও পণ্য নিয়ে ও বিক্রি করে থাকতে পারেন নিশ্চিন্ত। সিপির পক্ষ থেকেই আপনার এলাকায় বিপণনের কাজটা করা হয়। প্রতিষ্ঠানের নিয়মকানুন: সব ঠিকঠাক থাকলে প্রতিষ্ঠানের কাছে জামানত হিসেবে দুই লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে, যা ফেরতযোগ্য। যে পরিমাণ চাহিদা সেই অনুযায়ী মাংসের অর্ডার দিতে হবে। কারণ অবিক্রীত মাংস ফেরত নেয় না প্রতিষ্ঠান। এ ছাড়া প্রতিষ্ঠানের দেওয়া নির্দিষ্ট দামে আপনাকে পণ্য বিক্রি করতে হবে এবং তৈরি করা ফ্রায়েড চিকেন নির্দিষ্ট সময়ের পর বিক্রি থেকে বিরত থাকতে হবে। প্রতিষ্ঠান আপনার যেকোনো পরামর্শ এবং সমস্যা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে।সফলতা পেতে: মোজাম্মেল হক বলেন, সফলতা বা বিফলতা অনেকাংশে নির্ভর নিজের ওপর। এখানে ক্রেতারাই আপনার মূল শক্তি। ‘যেমন আমি নিজ উদ্যোগেই হোম ডেলিভারি দিয়ে থাকি। এতে করে আমার বিক্রি যেমন বাড়ছে, তেমনি আমার পরিচিতি বৃদ্ধি পাচ্ছে, যা ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যবসা পরিচালনার দিকে খেয়াল রাখতে হবে। পরিশ্রম করলে সফলতা আসবেই।’এম এম রাসেল আকন্দ আরও বলেন, এ ধরনের ব্যবসার ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখা উচিত।বিস্তারিত জানতেসিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ফোন: ০২-৮৯১৯৪৭৯, ০১৭১৪১৬৬৩৭৩। ওয়েব: www.cpbangladesh.com