দিদি নাম্বার ওয়ানে মেহরীন
কলকাতার টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ানে তারকা অতিথি হিসেবে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী মেহরীন। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নেন তিনি। জি বাংলার আমন্ত্রণে এক দিনের জন্য মেহরীন সেখানে গিয়েছিলেন। অনুষ্ঠানটির মোট দুটি পর্বে অংশ নিয়েছেন তিনি।মেহরীন বলেন, ‘গৃহবধূদের নিয়ে নির্মিত দিদি নাম্বার অনুষ্ঠানটি কিন্তু এখন দুই বাংলায় দারুণ জনপ্রিয়। আমি নিজেও অনুষ্ঠানটির নিয়মিত দর্শক বলতে পারেন। এ ধরনের অনুষ্ঠানে অংশ নিয়ে কিন্তু ভালোই লেগেছে।’উল্লেখ্য, মেহরীন এর আগে কলকাতার ইটিভি বাংলার সংগীত-বিষয়ক অনুষ্ঠান লুডোস্কোপে বিচারক হিসেবে কাজ করেছিলেন। এ ছাড়া রিয়ালিটি শো ব্যান্ড ওয়াগনেও বিচারকের দায়িত্ব পালন করেন তিনি।ব্যান্ড ওয়াগনের বিচারক হিসেবে আরও ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রেহমান ও সামিদ-ঋষি।৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় জি বাংলায় দেখানো হবে দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটি।