দিন গুনছে সবুজ চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধুর, এই ম্যাচ দেখে কী হবে! বাংলাদেশ-কানাডা খেলা দেখার চেয়ে ঘুমটাকেই মনে হয়েছিল আনন্দের। ভুল ভাঙল সকালে ঘুম ভাঙার পর। বাংলাদেশ কানাডার কাছে হেরে গেছে!২০০৩ বিশ্বকাপে ওই ম্যাচটার কথা মনে হলে সাকিব আল হাসান এখনো বিশ্বাস করতে পারেন না। কানাডার সঙ্গে পারল না বাংলাদেশ! আরেকটি বিশ্বকাপের আগে সেই কানাডাই যখন আরেকটি প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ, সাকিব তখন বাংলাদেশ অধিনায়ক। কৈশোরের বিস্ময়টা নিশ্চয়ই এবার কাটাতে চাইবেন। না, সাকিব আগামীকালের ম্যাচটাকে যতটা না প্রতিশোধের ভাবছেন, তার চেয়ে বেশি নিচ্ছেন বিশ্বকাপ প্রস্তুতির সুযোগ হিসেবে।এত দিন তাঁরা বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছেন নিজেরা নিজেরা খেলে, অনুশীলন করে। সেই প্রস্তুতি কেমন হলো, সেটা পরীক্ষা করে নেওয়ার প্রথম সুযোগ মিলছে কাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কানাডার বিপক্ষেই প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।ম্যাচটার জন্য সাকিবের দল যেমন প্রস্তুত, তেমনি প্রস্তুত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। একটু কি বাড়িয়ে বলা হলো? প্রস্তুতই যদি হবে, স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে কেন এখনো টুকটাক ভাঙাগড়ার খেলা, কেন শেষ হলো না স্টেডিয়াম চত্বরটাকে গুছিয়ে আনার কাজ, কেন এখনো চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান?ভেন্যু চেয়ারম্যান ও বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর আশ্বাস দিচ্ছেন, সব কাজ প্রায় শেষ। বাকি কাজও তুড়ি মেরে শেষ করে ফেলা সম্ভব। দিন-তারিখ উল্লেখ করে অসমাপ্ত কাজ শেষ করার সময়ও বেঁধে দিলেন স্থানীয় এই সংগঠক, ‘স্টেডিয়ামের বাইরের খোলা জায়গায় বাগান তৈরির কাজ শেষ হয়ে যাবে আগামী ১২ তারিখের মধ্যে। এ মাসের মধ্যেই অন্যান্য সব কাজও শেষ হয়ে যাবে।’ সেটা হলেও হয়। অতিথিরা আগে থেকে আসতে শুরু করলেও চট্টগ্রামের আসল বিশ্বকাপ পরীক্ষা তো ১১ ও ১৪ মার্চ।তুলির শেষ আঁচড় বাকি থেকে গেলেও স্টেডিয়ামে ঢোকার পর অন্তত মনটা ভালো হয়ে যায় এখন। গ্যালারিতে চেয়ার বসানো প্রায় শেষ, নতুন রং লেগেছে দেয়ালে দেয়ালে। ড্রেসিংরুম, প্রেসিডেন্ট বক্স, হসপিটালিটি বক্স—সবকিছুই সুসজ্জিত হয়ে অপেক্ষা করছে দুয়ারে দাঁড়ানো বিশ্বকাপকে বরণ করে নিতে। সবচেয়ে ভালো লাগে সবুজ মাঠটার দিকে তাকালে। গত জিম্বাবুয়ে সিরিজের সময়ও যে আউটফিল্ড ছিল রুগ্ণ-ধূসর, গলফ কোর্স পরিচর্যাকারীদের ছোঁয়ায় সেটাই এখন জীবন্ত সবুজ। বাংলাদেশ কোচ জেমি সিডন্সের তো আউটফিল্ডটা ভারি মনে ধরল। উইকেট প্রসঙ্গে অবশ্য ঠোঁটে রহস্যের হাসি ঝুলিয়ে বললেন, ‘খুবই ভালো...তবে, অনেক ঘাস।’মাঠ আর উইকেটের মতো পুরো চট্টগ্রামই এখন সবুজ। বিশ্বকাপের সাজে সেজে ওঠা বন্দরনগর ঘুরে কাল এই দুই রঙেরই দেখা মিলল কেবল। রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটিকে রঙিন করা হয়েছে জাতীয় পতাকার রঙে, স্টেডিয়ামের আশপাশের ভবনগুলোতে লাগা নতুন রংও লাল আর সবুজের প্রাধান্য।চট্টগ্রামকে নতুন রূপে সাজিয়ে তোলার পরিকল্পনা চট্টগ্রাম সিটি করপোরেশনের। ছোট-বড় মিলিয়ে বেশ কিছু ফোয়ারা বসানো হবে সড়কের গুরুত্বপূর্ণ অবস্থানে। অনেক জায়গায় তা বসেও গেছে। আরও বেশি সবুজের ছোঁয়া আনতে পরিকল্পনা আছে সারা শহরে চার হাজারের মতো গাছ লাগানোর। বিমানবন্দর সড়কে হবে আলোকসজ্জা। সংস্কার করার পর অলংকার মোড় থেকে স্টেডিয়ামের দিকে যাওয়ার সংযোগ সড়কটিকে দেখেও চেনার উপায় নেই। এ ছাড়া বিমানবন্দরের কাছে নিমতলাতে বসানো হবে বাংলাদেশের ক্রিকেটারদের ভাস্কর্য। বিশ্বকাপ দলের ১৫ জনের সঙ্গে মাশরাফি বিন মুর্তজাও থাকছেন সেখানে। রয়েল বেঙ্গল টাইগারের দেশে এত কিছু থাকবে আর টাইগার থাকবে না, তা কি হয়? বাঘের ভাস্কর্য বসানোর জন্য সিটি করপোরেশন জায়গাও বেছে নিয়েছে দারুণ—টাইগার পাস! সৌন্দর্যবর্ধন কাজ শেষ হবে এ মাসের মধ্যে।এত রং, এত আয়োজনের মধ্যেও কিছু দৈন্য যেন ঠিকরে বেরুতে চায়। টিম হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় পড়ে বলে খুলশী এলাকায় অবৈধ বস্তি উচ্ছেদ হয়েছে। বিধ্বস্ত জনপদ ঢাকতে রাস্তার দুই পাশে বিশাল এলাকাজুড়ে ঢেকে দেওয়া হয়েছে রঙিন কাপড়ে। কী আশ্চর্য! লাল-সবুজের আবহ সেই লজ্জা ঢাকার পর্দাতেও!শুধু লজ্জা ঢাকতে নয়, বিশ্বকাপের নিরাপত্তাতেও নিশ্ছিদ্র হতে চায় চট্টগ্রাম। হোটেল থেকে বাংলাদেশ দলের অনুশীলনে আসার পথটায় সেটারই মহড়া চলছে। টিম হোটেলসহ যেসব হোটেলে অতিথিরা অবস্থান করবেন, বিশ্বকাপের সময় এ রকম নয়টি হোটেলকে দেওয়া হবে বিশেষ নিরাপত্তা। যাঁদের জন্য এত আয়োজন, সেই অতিথিরা আসতে শুরু করেছেন কাল থেকেই। সকালে ঢাকায় সংবাদ সম্মেলন করে কানাডা দল চট্টগ্রামে পৌঁছেছে রাতে।চট্টগ্রামে বাংলাদেশের দুটি বিশ্বকাপ ম্যাচ ইংল্যান্ড আর হল্যান্ডের বিপক্ষে। কানাডা অধিনায়ক আশিষ বাগাই ঢাকায় এসেই যে রকম অঘটন ঘটানোর হুংকার দিলেন, কালকের দিবারাত্রির প্রস্তুতি ম্যাচটিও হতে পারে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দু। যদিও টিকিট বিক্রিসংক্রান্ত খোঁজখবর কাল পর্যন্ত হতাশাই জাগাচ্ছিল। প্রায় সাড়ে ১৮ হাজার ধারণক্ষমতার গ্যালারির অর্ধেক টিকিটই নাকি অবিক্রীত! আজ সকাল ১০টা থেকে স্থানীয় এ কে খান মাঠের বুথে বিক্রি হবে সেসব টিকিট। আর যাঁরা ব্যাংক থেকে আগেই ভাউচার সংগ্রহ করেছেন, আজ ও আগামীকাল বুথ আর ব্যাংক থেকে তাঁরাও তাঁদের টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন ভেন্যু-প্রধান।গ্যালারি ভরুক আর ফাঁকাই থাকুক, চট্টগ্রামের বিশ্বকাপ কিন্তু শুরু হয়ে যাচ্ছে কাল থেকেই।