দিন বদলের সনদ বাস্তবায়নে অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন বদলের সনদ বাস্তবায়নে সরকারের কর্মকাণ্ডে অগ্রগতি নেই। এ জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনাও নেওয়া হয়নি। দিন বদলের জন্য যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, তা সরকারের অগ্রাধিকারের তালিকায় নেই। আজ রোববার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘দিন বদলের সনদের অঙ্গীকার ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ মত দেন। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সরকার গত দুই বছরে জনগণের আস্থা অর্জন করার মতো কোনো কাজ করতে পারেনি। মূলত দিন বদলের সনদ বাস্তবায়ন সরকারের ‘রাডার’ থেকে সরে গেছে। দিন বদলের দিকে মনোযোগ না দিয়ে সরকার অপ্রাসঙ্গিক কিছু কূটতর্কে লিপ্ত হয়ে পড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হয়েছে, সরকারি দলের অঙ্গ-সংগঠনের চাঁদবাজি ও টেন্ডারবাজি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, জনশক্তি রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ আগের চেয়ে অনেক কমে গেছে, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী না করে উল্টো এর ক্ষমতা হ্রাস করার প্রক্রিয়া চালানো হচ্ছে, বিদ্যুত্ খাতের কর্মকাণ্ডে গতি নেই, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার শেষ হলেও জেলহত্যা মামলার বিচার শুরু হয়নি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে, প্রশাসনে চরম দলীয়করণ চলছে, সরকারের জবাবদিহি নিশ্চিত করতে সংসদীয় কমিটিগুলো নিষ্ক্রিয়, তথ্য কমিশন গঠন হলেও সরকারের অনেক প্রতিষ্ঠান তথ্য সরবরাহের অপারগতা জানাচ্ছে ইত্যাদি। তবে প্রতিবেদনে বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধের বিচারকাজ শুরু, জঙ্গিবাদ দমন এবং শিক্ষা ও কৃষিসহ আরও কিছু ক্ষেত্রে সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করা হয়েছে। আলোচনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং অনুষ্ঠানের সঞ্চালক হাফিজউদ্দিন খান বলেন, ‘দিন বদল হচ্ছে, সে রকম কোনো মেসেজ সরকারের কর্মকাণ্ডে আমরা পাই না। হাতে এখনো তিন বছর আছে। এ সময়ে সরকার অনেক কিছু করতে পারে।’ প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, সুজনের মূল প্রবন্ধে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডের চিত্র নেই। এতে নেতিবাচক দিক বেশি উঠে এসেছে। সরকারের যথেষ্ট সাফল্যও আছে। তবে এটা সত্য, অসাম্প্রদায়িক অর্থনৈতিক উন্নয়নমূলক সমাজ গঠনই বর্তমান সরকারের দিন বদলের অঙ্গীকার ছিল। সরকারের গত দুই বছরের কাজে এর কোনো প্রতিফলন নেই। আড়িয়ল বিল রক্ষায় জনবিস্ফোরণের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, আড়িয়ল বিলে বিমানবন্দর তৈরির বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার আগেই সরকারের একজন মন্ত্রী কীসের ভিত্তিতে বললেন, যেকোনো মূল্যে সেখানে বিমানবন্দর হবে। আলোচনায় আরও অংশ নেন বিচারপতি কাজী এবাদুল হক, অধ্যাপক কামাল আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল, সাবেক ছাত্রনেতা সুভাষ সিংহ রায়, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রব প্রমুখ।