দিন-রাতের তাপমাত্রার পার্থক্য কমেছে, গরমে জনজীবন অতিষ্ঠ
হঠাৎ তীব্র গরমে রাজধানী ঢাকাসহ সারা দেশের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এক পশলা বা ঝুম বৃষ্টির পরও গরমের তীব্রতা কমছে না। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের চাহিদা। কিন্তু ঘন ঘন লোডশেডিং মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।আবহাওয়াবিদেরা জানিয়েছেন, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় গরম অনুভূত হচ্ছে বেশি।চিরাচরিত রূপ নিয়েই এবার বর্ষা শুরু হয়েছে। মৌসুমের শুরুতে টানা ঝুম বৃষ্টি হয়েছে। গত কয়েক দিন আকাশে মেঘ থাকলেও সে তুলনায় বৃষ্টি হচ্ছে কম। মেঘ কেটে গেলে সূর্য্যের তাপে গরম আরও বাড়ছে। গতকাল মঙ্গলবারও দুপুর পর্যন্ত রাজধানীর আকাশে ছিল মেঘের ঘনঘটা। কিন্তু সে তুলনায় বৃষ্টি হয়নি। কোথাও কোথাও বৃষ্টি হয়েছে ফোঁটা ফোঁটা। দেশের বিভিন্ন স্থানেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের গতকালের পূর্বাভাসে বলা হয়, আজও (মঙ্গলবার) তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দিন শেষে মৌসুমি বায়ু কিছুটা সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়াতে পারে।গতকাল সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ ৪৪, দিনাজপুরে ৪২ ও কুতুবদিয়ায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল।এ সময়ে মৌসুমি বায়ুর কারণে আকাশে মেঘ থাকে। ফলে তাপমাত্রার প্রভাব কমে আসে। আবহাওয়া অধিদপ্তরের পর্যালোচনায় দেখা গেছে, জুলাই-আগস্টে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য সাধারণত ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকে। কিন্তু এক সপ্তাহ ধরে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য দাঁড়িয়েছে ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াস। ফলে গড় তাপমাত্রা বেড়ে গেছে। এতে গরমের অনুভূতি বেশি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক শাহ আলম গতকাল বলেন, মৌসুমি বায়ু আবারও সক্রিয় হয়ে উঠেছে। ফলে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে। আকাশও মেঘে ঢাকবে। ফলে গরমের ভাব কিছুটা হলেও কমে আসবে।আবহাওয়া অধিদপ্তর থেকে চলতি মাসের জন্য তৈরি করা পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। ফলে বৃষ্টিপাত বাড়তে পারে। গঙ্গা-ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে দেশের মধ্য ও উত্তরাঞ্চলে বন্যা হতে পারে।৩ নম্বর সতর্ক সংকেত: এদিকে সঞ্চালনশীল মেঘমালার কারণে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাসে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল সকালে অধিদপ্তর এ সতর্ক বার্তা দেয়। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।