দিনদুপুরে জুয়েলার্সে ডাকাতি, ২০০ ভরি স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গতকাল মঙ্গলবার দিনদুপুরে একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা প্রায় ৬০ লাখ টাকা দামের ২০০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে দাবি করেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি এম এ ওয়াদুদ খান।তবে পুলিশ ডাকাতির ঘটনাটিকে প্রাথমিকভাবে রহস্যজনক বলে মনে করছে।ডাকাতির ঘটনায় ক্ষুব্ধ হয়ে আশপাশের এলাকার পাঁচটি মার্কেটের এক হাজারেরও বেশি ব্যবসায়ী ও দোকানের কর্মচারী বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং সড়ক অবরোধ করেন। একপর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ বিক্ষুব্ধ ব্যবসায়ীদের ওপর লাঠিচার্জ শুরু করলে মিরপুর-১-এর গোল চত্বর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।মিরপুর ১ নম্বর গোল চত্বরের পাশে মুক্তিযোদ্ধা মার্কেটের নিচতলায় ৬০-৭০টি অলংকারের দোকান আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া তিনটার দিকে ছয়-সাতজন লোক সেখানকার নিউ সানন্দা জুয়েলার্সে যায়। তারা ক্রেতা সেজে ঢুকে দোকান কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। ডাকাতেরা অল্প সময়ের মধ্যেই তাক থেকে স্বর্ণালংকার নামিয়ে ব্যাগে ভরে মার্কেটের উত্তর গেট দিয়ে নির্বিঘ্নে চলে যায়।ডাকাতির খবর শুনে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার লুত্ফুল কবীর, শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এবং র্যাব-৪-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাঁরা দোকানের কর্মচারী ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন।নিউ সানন্দা জুয়েলার্সের কর্মচারী পুলিশকে জানিয়েছেন, ঘটনার সময় তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। হঠাত্ ছয়-সাতজন সশস্ত্র ডাকাত দেখে হকচকিয়ে যান। ডাকাতেরা তাঁর দিকে অস্ত্র তাক করে চুপ থাকতে বলে।প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতেরা দোকান থেকে বেরিয়ে যাওয়ার একটু পর কর্মচারী ‘ডাকাত ডাকাত’ বলে চিত্কার করে উঠলে আশপাশের ব্যবসায়ীরা দোকানে ছুটে যান। তাঁরা মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে ডাকাতদের পালাতে দেখেন।কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা ঘটনাটি রহস্যজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, নিউ সানন্দা জুয়েলার্স নিচতলায় হওয়ায় সবার চোখে পড়ে। দোকানের ১৫-২০ গজ দূরেই সাদা পোশাকে পুলিশ ছিল। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ভরদুপুরে শাটার খোলা রেখে ডাকাতেরা ক্রেতাদের ভিড়ের মধ্যে মালামাল নিয়ে গেল, অথচ কেউ টের পেল না। তবুও বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।ঘটনার পর বিক্ষুব্ধ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের প্রায় আধ ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে সেখানে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হলে সন্ধ্যা সাতটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে মার্কেটে যাওয়া ক্রেতাসহ ১০ জন আহত হয়েছে। ভাঙচুরের অভিযোগে পুলিশ মনির হোসেন নামের এক ব্যবসায়ীকে আটক করে।ব্যবসায়ীরা অভিযোগ করেন, এর আগে ২০০৮ সালের ৮ জুলাই মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে শাহ আলী শপিং কমপ্লেক্সের দেওয়ান জুয়েলার্সে বড় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা ওই দোকান থেকে প্রায় চার লাখ টাকা ও ৭০০ ভরি অলংকার লুট করে। কিন্তু পুলিশ আজ পর্যন্ত ডাকাতির ঘটনা স্বীকার করেনি। পুলিশ বলছে ওই ঘটনাটি ছিল দোকান মালিকের সাজানো।