দিনদুপুরে তিনজনকে গুলি করে ২৫ লাখ টাকা লুট
দিনদুপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তিনজনকে গুলি করে ২৫ লাখ টাকা লুট করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার দুপুরে এ ঘটনার সময় সন্ত্রাসীরা দোকান মালিকসহ তিনজনকে গুলি করে আহত করেছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর দুইটার দিকে সাত-আটজন দুর্বৃত্ত যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সরণির মেসার্স আবুল খায়ের ট্রেডার্স নামের পাইকারি মুদির দোকানে ঢুকে পিস্তল ও রিভলবার বের করে দোকানের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা ক্যাশ থেকে ২৫ লাখ টাকা লুট করে। এ সময় দোকানের মালিক ও কর্মচারীরা চিত্কার দিলে দুর্বৃত্তরা দোকানের ভেতর এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে দোকানের মালিক আবুল খায়েরের দুই ঊরু, তাঁর জামাতা আরশেদ আলী (২৮) ও দোকান কর্মচারী মকবুল হোসেনের (২৫) ডান কনুইয়ে গুলি বিদ্ধ হয়। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হাসপাতালে দোকানের ব্যবস্থাপক ইসমাইল হোসেন জানান, দোকানে সাত-আটজন কর্মচারী থাকলেও অস্ত্রের ভয়ে কেউ কাছে যেতে সাহস পাননি। দুর্বৃত্তরা টাকা নিয়ে যাওয়ার সময় পর পর কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। আশপাশের লোকজনও এগিয়ে যেতে সাহস পাননি। অস্ত্র উঁচিয়ে তারা পাশের গলি দিয়ে হেঁটে চলে যায়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আহত ব্যক্তিদের দাবি, ২৫ লাখ টাকা লুট হয়েছে। ঘটনার পর থানা পুলিশের একাধিক দল লুট হওয়া টাকা উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। অজ্ঞান পার্টির কবলে তিনজন: রাজধানীতে অজ্ঞান পার্টির কবলে একটি ওয়ার্কশপের দুই কর্মী মাহিদুল ইসলাম (২৬) ও মাইদুল ইসলাম (২৮) এক লাখ ২০ হাজার টাকা খুইয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা আদাবর থানার শ্যামলীর একটি ওয়ার্কশপের কর্মী।হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে পথচারীরা পল্টনের র্যাংগস ভবনের সামনে থেকে মাহিদুল ও মাইদুলকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে ওয়ার্কশপের প্রকৌশলী আহমেদ রাজু আহমেদ হাসপাতালে যান। রাজু আহমেদ সাংবাদিকদের বলেন, গতকাল দুপুর দুইটার দিকে ইসলামী ব্যাংকের শ্যামলীর খিলজি রোড শাখা থেকে মাহিদুল ও মাইদুল এক লাখ ২০ হাজার টাকা নিয়ে নবাবপুর রোডের ওয়ার্কশপের সরঞ্জামাদি কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির কবলে পড়ে ওই টাকা খোয়ান।গতকাল মঙ্গলবারও রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আনসারী (৪৮) অজ্ঞান পার্টির কবলে পড়েন।হাসপাতাল সূত্র জানায়, নাজিমউদ্দিনসহ কয়েকজন ছাত্র মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উত্তর বাড্ডা এলাকা থেকে কামরুজ্জামানকে হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যার পর স্বজনেরা তাঁকে উন্নত চিকিত্সার জন্য নগরের হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান।নাজিমউদ্দিন জানান, গতকাল বিকেলে তিনিসহ তাঁর বন্ধুরা উত্তরা থেকে ফাল্গুন পরিবহনে ওঠেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে কামরুজ্জামান একই বাসে ওঠেন। বাসটি উত্তর বাড্ডায় পৌঁছালে তাঁরা কামরুজ্জামানকে আসন থেকে অজ্ঞান অবস্থায় ঢলে পড়ে যেতে দেখেন। পরে কামরুজ্জামানের স্ত্রী লাবলি ইয়াসমিনসহ স্বজনেরা ঢাকা মেডিকেলে ছুটে আসেন। কামরুজ্জামান সপরিবারে দক্ষিণখান থানার আশকোনা কলেজ রোডে থাকেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।