দিনদুপুরে ২০ লাখ টাকা ছিনতাই
রাজধানীতে দিনদুপুরে অস্ত্রের মুখে বেসরকারি প্রতিষ্ঠান এনা প্রপার্টিজের এক কর্মকর্তার কাছ থেকে ২০ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির অন্যতম মালিক রাজশাহীর সরকারদলীয় সাংসদ এনামুল হক।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে এনা প্রপার্টিজের সহকারী ব্যবস্থাপক আলমগীর হোসেন ধানমন্ডি ৫ নম্বর সড়কে আইএফআইসি ব্যাংকের শাখা থেকে ২০ লাখ টাকা তুলে প্রাইভেট কারে বিজয়নগরে প্রতিষ্ঠানটির আরেকটি কার্যালয়ে যাচ্ছিলেন। ধানমন্ডি হারুন আই কেয়ার হাসপাতালের সামনে দুটি মোটরসাইকেলে চার ছিনতাইকারী তাঁর প্রাইভেট কারের গতিরোধ করে। একজন ছিনতাইকারী চালকের মাথায় অস্ত্র ঠেকায়। আরেকজন পেছনে বসা আলমগীরকে অস্ত্র ঠেকিয়ে টাকাভর্তি ব্যাগটি নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘ব্যাংক থেকে টাকা তুলে হারুন আই কেয়ার হাসপাতালের সামনে পৌঁছালে কিছু বুঝে ওঠার আগেই দুুটি মোটরসাইকেলে চার ব্যক্তি আমাদের গতিরোধ করে। তারা আমাকে লক্ষ্য করে একটি গুলি ছুড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। অস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগটি নিয়ে ছিনতাইকারীরা সায়েন্স ল্যাবরেটরির দিকে পালিয়ে যায়।’ঘটনার তদন্তকারী ধানমন্ডি থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, গাড়ির কাচ নামানো ছিল। এ সুযোগে এক সন্ত্রাসী প্রথমে চালক নূর উদ্দিনের মাথায় অস্ত্র ঠেকায়। এরপর তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানটির কর্মকর্তা আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ছিনতাইয়ের মামলা করেছেন।