গত কয়েক দশকে বাংলাদেশের উন্নয়ন-প্রক্রিয়ায় বেশ কিছু লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে। আমরা এখন অনেক কম বিদেশি সাহায্যনির্ভর। বিদেশে কর্মরত শ্রমিকদের উপার্জন এবং তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে আমাদের অগ্রগতি সব প্রত্যাশা অতিক্রম করে গেছে। স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে একাধিক সূচকেও আমাদের অগ্রগতি নজরে পড়ার মতো। কিছু কিছু বাধা-বিপত্তি সত্ত্বেও গত দুই দশক ধরে আমরা নির্বাচনী গণতন্ত্র ধরে রেখেছি। প্রতিটি ক্ষেত্রেই আমরা প্রতিবেশী অনেক দেশের তুলনায় এগিয়ে। উদাহরণ হিসেবে পাকিস্তানের কথা বলা যায়। অনেক পাকিস্তানির কাছে বাংলাদেশ একটি ‘সাকসেস স্টোরি’। তাদের কাছে সবচেয়ে বেশি যা প্রশংসনীয় তা হলো নারীর ক্ষমতায়নে ও মৌলবাদ নিয়ন্ত্রণে আমাদের সাফল্য।কৃষি ক্ষেত্রেও আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। এই অগ্রগতি সম্ভব হয়েছে মূলত আমাদের ক্ষুদ্র কৃষকের হাড়ভাঙ্গা পরিশ্রমের ফলে। সঠিক সরকারি সিদ্ধান্ত গ্রহণ তাদের সাহায্য করেছে, তাতেও কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে আওয়ামী লীগ সরকারের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা না করে উপায় নেই। বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রেও আসল প্রণোদনা এসেছে সাধারণ মানুষের কাছ থেকে। এ ব্যাপারে সরকারের বেশ কিছু করণীয় রয়েছে। যেমন, বিদেশে শ্রমিক প্রেরণের আগে চাই যথোপযুক্ত প্রশিক্ষণ। অসৎ শ্রমিক-রপ্তানিকারকদের হাত থেকে এসব শ্রমিকদের রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাও জরুরি। আরও যা দরকার তা হলো বিদেশে কর্মরত শ্রমিকদের পাঠানো অর্থের যথাযথ বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা।নারী শিক্ষা, শিশুমৃত্যুর হার হ্রাস এবং ক্ষুদ্র ঋণ বিতরণের ক্ষেত্রেও আমাদের সাফল্য ঈর্ষণীয়। এই সাফল্য সম্ভব হয়েছে মুখ্যত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর চেষ্টার ফলেই। সরকারের অনুসৃত নীতি সে চেষ্টায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রেখেছে। স্বেচ্ছাসেবী সংস্থাগুলো যদি একে অপরের প্রতিদ্বন্দ্বী না হয়ে সহযোগী হিসেবে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে, তাহলে এর প্রতিটি ক্ষেত্রে আরও অধিক অগ্রগতি অর্জন সম্ভব। শিক্ষার ক্ষেত্রেও আমাদের অনেক কিছু করার রয়েছে। শুধু ছাত্র ভর্তির ওপর জোর না দিয়ে আমাদের উচিত শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপরও জোর দেওয়া। বিশেষভাবে দরকার গুণগতভাবে উন্নত কারিগরি শিক্ষার ওপর বর্ধিত মনোযোগ। এ ক্ষেত্রে সরকারকে আরও বেশি উদ্যোগী হতে হবে। স্বেচ্ছাসেবী সংস্থা বা বেসরকারি খাত এ ব্যাপারের সরকারের কার্যকর ভূমিকার বিকল্প হতে পারে না। ইতিমধ্যেই ব্যক্তিখাত ও সরকারি শিক্ষাখাতের মধ্যে বৈষম্য প্রকট হয়ে উঠছে। এই দুইয়ের মধ্যে ব্যবধান যদি ঘোচানো সম্ভব না হয়, আমাদের সমাজ শিক্ষার প্রশ্নেই এক চিরস্থায়ী বিভক্তি ও বৈষম্যের শিকার হবে।২.আমরা এগিয়েছি ঠিকই, কিন্তু এর চেয়েও অনেক ভালো আমরা করতে পারতাম। দক্ষিণ এশিয়ায় এক মালদ্বীপ ছাড়া আমাদের মতো এমন সমজাতীয় অর্থাৎ হোমোজিনিয়াস দেশ আর দুটি নেই। এই সমপ্রকৃতির কারণে দুই দলভিত্তিক একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা—যা কিনা এশিয়ায় আদর্শ বলে বিবেচিত হতে পারত তার নির্মাণ আমাদের অসাধ্য ছিল না। আমাদের কোনো প্রবল ক্ষমতাধর সামন্ততান্ত্রিক শ্রেণী নেই, এমনকি ক্ষমতার কেন্দ্রে কায়েমি স্বার্থভোগী বুর্জোয়া শ্রেণীও নেই। ফলে সামাজিকভাবে সমতাপূর্ণ একটি দেশ গঠন আমাদের অসাধ্য ছিল না। কিন্তু সে সুযোগের সদ্ব্যবহার করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা এখনো সামাজিকভাবে বিভক্ত ও অর্থনৈতিকভাবে বৈষম্যপীড়িত একটি দেশ রয়ে গেছি। বারবার সামরিক শক্তির হস্তক্ষেপ আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করেছে। এ এক অনভিপ্রেত অভিজ্ঞতা। আমাদের আরেক সমস্যা ধর্মীয় প্রশ্নে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা। আমাদের বিচার বিভাগ ধর্ম-নিরপেক্ষতার মূলনীতির পক্ষে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে, কিন্তু বাস্তব সত্য হলো, আমরা এখন আগের চেয়ে অনেক কম ধর্মসহিষ্ণু। এ কথা আমাদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে যেমন সত্য, তেমনি সত্য জীবনচারিতার ক্ষেত্রে। শাসনতন্ত্রে সামরিক শাসকদের দ্বারা সংযোজিত ধর্ম-নিরপেক্ষতাবিরোধী ধারাগুলো বাদ দিতে যে আমাদের প্রধানমন্ত্রী অপারগ, তা থেকেই সে কথার প্রমাণ মেলে।আমাদের আরেক সমস্যা প্রধান দলগুলোর মধ্যে অসহযোগিতা। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যে এমন সংঘর্ষমূলক চেহারা নেবে, তা আমরা কখনো ভাবিনি। তবে এরই মধ্যে একটা সুলক্ষণ হলো, অর্থনীতির প্রশ্নে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর এজেন্ডা বা তাদের দৃষ্টিভঙ্গি নীতিগতভাবে একে অপর থেকে খুব ভিন্ন নয়।আমরা জানি বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে দুটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল। একে অপরকে নিশ্চিহ্ন করে, এমন সাধ্য তাদের নেই। সুশাসন ও নাগরিক সমৃদ্ধির জন্য এই দুই দলের ভেতর সংলাপ-প্রক্রিয়া অব্যাহত রাখা খুবই জরুরি। কিন্তু সমস্যা হলো, প্রধান বিরোধী দল বিএনপি এখনো সেই সত্তর দশকে পড়ে আছে। তাদের প্রধান রাজনৈতিক কৌশল ভারতবিরোধিতা, প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে তারা দেখাতে চায় ‘ভারতের এজেন্ট’ হিসেবে। এই রাজনীতি অনুসরণ করে বেশি দূর যাওয়া সম্ভব নয়। রাজনীতি হওয়া উচিত ইস্যুভিত্তিক, অথচ তাদের অনুসৃত রাজনীতির ফলে একদিকে যেমন ইস্যুভিত্তিক রাজনীতির প্রসার ঘটছে না, তেমন আমাদের প্রতিবেশী ভারত, যে কিনা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি, তার সঙ্গে আমাদের সুসম্পর্ক নির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে। তারা কি জামায়াতের সঙ্গে অবিচ্ছেদ্য মৈত্রী সূত্রে আবদ্ধ থাকবে, না আওয়ামী লীগের বিকল্প হিসেবে নিজেদের একটি ভবিষ্যৎমুখী ও আধুনিক রাজনৈতিক দলে পরিণত করবে, বিএনপিকেই সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হতে হলে, তাদের জন্য এর কোনো বিকল্প নেই।অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগকে এ কথা বিবেচনায় রাখা উচিত যে চলতি পার্লামেন্টে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও দেশের পুরো জনগোষ্ঠীর তারা প্রতিনিধিত্ব করে না। বস্তুত নির্বাচকদের প্রায় ৫০ শতাংশ তাদের নীতির প্রতি বৈরী মনোভাব পোষণ করে। এই বৈরী মনোভাবের কারণে সমসংখ্যক মানুষ হয় বিএনপি, নয়তো তাদের মিত্রদের ভোট দিয়ে সমর্থন জানালে তা বিচিত্র কিছু হবে না। এ অবস্থায় বিএনপির রাজনৈতিক অস্তিত্ব সম্পূর্ণ অস্বীকার করা বা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ আদৌ বিবেচনায় না রাখা কেবল গণতান্ত্রিক রাজনীতির জন্যই ক্ষতিকর নয়, সুশাসনের জন্যও ক্ষতিকর। দুই দলকেই এ কথা মেনে নিতে হবে যে রাস্তায় সংঘর্ষের রাজনীতির বদলে পার্লামেন্টের ভেতর মুখোমুখি বিতর্ক অনেক বেশি কার্যকর ও তা দেশের জন্যও অধিক মঙ্গলজনক। অনির্দিষ্টকাল ধরে পার্লামেন্ট বয়কটের যে নীতি বিএনপি অনুসরণ করছে, তা শুধু ভ্রান্তই নয়, রাজনৈতিকভাবেও নিরর্থক।আমাদের এই বড় দুই দল একে অপরের সঙ্গে কাজ করতে ব্যর্থ হলে তার ফল আমাদের গণতান্ত্রিক অগ্রগতির জন্য ভয়াবহ হতে বাধ্য। এর ফলে যে অচলাবস্থার সূচনা হয়, তার সুযোগে শাসনতন্ত্র বহির্ভূত শক্তিগুলো ক্ষমতার কেন্দ্রে হস্তক্ষেপের সুযোগ পায়। মেয়াদ অতিক্রমের আগেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর চেষ্টা বা রাজনৈতিক হস্তক্ষেপে সামরিক বাহিনীকে উসকে দেওয়ার রাজনীতি থেকে তাই বিএনপিকে সরে আসতে হবে।গণতন্ত্র সংহতকরণে তথ্যমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার একটা কলামের নাম ছিল ‘সমালোচক আমার বন্ধু’। আমি সেখানে বলতে চেয়েছিলাম, আমাদের প্রধান শত্রু হলো অজ্ঞতা। সরকারের উচিত এ কথা বোঝা যে অজ্ঞতা তাদেরও প্রধান শত্রু। সরকারকে সবচেয়ে কার্যকরভাবে যারা সাহায্য করতে পারে তাদের অন্যতম হলো দেশের সংবাদ মাধ্যম ও নিরপেক্ষ পেশাদার গোষ্ঠী। এদের পর্যবেক্ষণ ও অভিমত গুরুত্বের সঙ্গে গ্রহণের মাধ্যম সরকার নিজের ভুলত্রুটি শুধরে নিতে পারে। আমরা সব সময়ই দেখেছি, সরকারি এজেন্সিগুলো তাদের নিজেদের অদক্ষতা ও ব্যর্থতা লুকাতে নির্বাচিত সরকারকে সত্য জানানোর বদলে সত্য ঢাকতেই অধিক সময় ব্যয় করে। এ অবস্থায় তথ্যমাধ্যম সরকারের চোখ ও কানের ভূমিকা পালন করতে পারে। তবে এ কথাও ঠিক যে তথ্যমাধ্যম সর্বদা সরকারের সমালোচনায় গঠনমূলক বা পুরোপুরি বস্তুনিষ্ঠ নয়। তারাও রাজনৈতিক উদ্দেশ্য দ্বারা প্রভাবিত হয়। কিন্তু কোনটা গঠনমূলক সমালোচনা, আর কোনটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ধীমান রাজনীতিকের পক্ষে তা বোঝা খুব কঠিন হওয়ার কথা নয়।গণতন্ত্র শক্তিশালী করতে হলে একদিকে চাই কার্যকর ও দক্ষ রাজনৈতিক দল, সঙ্গে সঙ্গে চাই সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সুশীল সমাজ, যার কাজ হবে সরকার ও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দায়বদ্ধতা আদায়ের লক্ষ্যে দেশের নাগরিক গোষ্ঠীকে সংগঠিত করা। বাংলাদেশে কোনো কোনো রাজনৈতিক দল সুশীল সমাজকে তাদের শত্রু বলে ধরে নেয়। এমন ধারণা কেবল অর্থহীনই নয়, ক্ষতিকরও বটে। আমাদের সব বিগত গণতান্ত্রিক আন্দোলনে সব সময় সুশীল সমাজকে সঙ্গে পেয়েছি। প্রতিবেশী ভারতে সুশীল সমাজ সে দেশের গণতন্ত্র সংহতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশেও সুশীল সমাজের ভূমিকা সম্প্রসারিত হওয়ার সুযোগ রয়েছে। সুশীল সমাজ তাদের আসল শক্তি সংগ্রহ করে দেশের মানুষের সঙ্গে তাদের সম্পর্কের সূত্র থেকে। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তাদের গঠনমূলক সম্পর্ক থাকা দরকার। সবচেয়ে বেশি যা দরকার তা হলো দাতা দেশ ও প্রতিষ্ঠানের ভৃত্যে তারা যাতে পরিণত না হয়, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা।৩.বর্তমান সরকার দিনবদলের ইশতেহার ঘোষণা করেছে। তাদের এই ইশতেহার একটি বাস্তবসম্মত কর্মসূচি। এখন যা দরকার তা হলো ঐকান্তিকভাবে সে কর্মসূচির বাস্তবায়ন। দিনবদলের অর্থ গুণগত পরিবর্তন। দেশের কর্মদক্ষ ও দেশপ্রেমিক নাগরিকেরা যাতে নিজেদের ভাগ্য পরিবর্তনে সক্ষম হয়, তার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমেই দিন বদলানো সম্ভব। দিনবদলের জন্য আমাদের কৃষকদের চাই জমি ও চাষবাসের নিরাপত্তা। তাদের চাই উৎপাদিত পণ্যের সঠিক মূল্য ও সে পণ্য থেকে সৃষ্ট মূল্যমানে তাদের ন্যায্য হিস্যা। কুটিরশিল্প শ্রমিকের চাই একই রকম সাহায্য ও সমর্থন। শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে সে কাজ সম্ভব নয়। গার্মেন্টসশ্রমিক, যারা এখন নামমাত্র মজুরিতে অমানুষিক পরিশ্রম করে, তাদের চাই সেই শিল্পে মালিকানার হিস্যা। ভাসমান শ্রমিকদের জন্য চাই সংগঠিত হওয়ার সুযোগ ও নিজ নিজ কর্মক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায় অংশগ্রহণের সুযোগ।সোজা কথায়, দিনবদলের অর্থ দেশের আপামর মানুষ—যাদের অধিকাংশ খেটে খাওয়া শ্রমিক, কৃষিজীবী ও কর্মজীবী তাদের নিজেদের ও নিজেদের সন্তান-সন্ততির সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সম্ভাবনার পথ খুলে দেওয়া। যত বেশিসংখ্যক মানুষের দিন বদলাবে, তত বেশিসংখ্যক মানুষ সরকারের উন্নয়ন রাজনীতির অংশীদার হবে। এমন সরকারকে ক্ষমতা থেকে সরানোর যদি কোনো চক্রান্ত হয়, তার প্রতিরোধে নামবে এই সাধারণ মানুষ, যারা দিনবদলের সাক্ষী ও অংশীদার। রেহমান সোবহান: অর্থনীতিবিদ, চেয়ারম্যান, সেন্টার ফর পলিসি ডায়ালগ