‘এবারের উৎসবে অসাধারণ একটা সময় কাটিয়েছি। শুরুতেই হাজারো শিক্ষার্থীর সঙ্গে জাতীয় সংগীত গাওয়ার সময় অন্য রকম অনুভূতির স্বাদ পেয়েছি। আমাদের জাতীয় সংগীত পৃথিবীর সবচেয়ে সুন্দর গান। পতাকা উত্তোলনের সঙ্গে জাতীয় সংগীত গাওয়ার সময় আমার বুকে কেমন যেন কম্পন অনুভূত হয়েছিল। গা বারবার শিরশির করছিল। বারবার কান্না এসে যাচ্ছিল।’ সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে এভাবেই নিজের আবেগ প্রকাশ করেছে গণিত উৎসবে অংশ নিতে পারা চট্টগ্রামের এস এম আহসানুল কবীর। নবম শ্রেণীর কবীরের মতো ছয় শতাধিক গণিতপিয়াসু শিক্ষার্থী জমায়েত হয়েছিল ঢাকায় দুই দিনব্যাপী নবম জাতীয় গণিত উৎসবে। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে। স্বাধীনতার ৪০তম বার্ষিকীর এ বছরে জাতির জন্য নেদারল্যান্ডে অনুষ্ঠেয় ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) থেকে পদক অর্জন করার দৃঢ় প্রত্যয়ে সবাই ছিল উজ্জীবিত। বাছাইপর্বের ১৩টি আঞ্চলিক উৎসবের মধ্য দিয়ে ১৮ হাজার খুদে গণিতবিদের লড়াইয়ে জাতীয় উৎসবের জন্য বিজয়ী হয় ৮২৯ জন। এদের মধ্যে ৬৯৩ জন খুদে গণিতবিদ উপস্থিত হয়েছিল জাতীয় উৎসবে। পরীক্ষার জন্য উৎসবে যোগ দিতে পারেনি এসএসসি পরীক্ষার্থীরা। পার্বত্য তিন জেলাসহ ৫৬টি জেলার ১৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হাজির হয়েছে শিক্ষার্থীরা। বিপুলসংখ্যক উৎসুক অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, খুদে গণিতবিদের সহপাঠী, উৎসবের স্বেচ্ছাসেবক, দেশবরেণ্য গণিতবিদ, বিজ্ঞানী এবং সর্বোপরি উৎসবের শুভানুধ্যায়ীরা হাজির হয়েছিলেন বাংলাদেশের শিক্ষার্থীদের এই প্রাণের মেলায়। ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক পৃষ্ঠপোষকতা আর প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় এই উৎসবের আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।পদচারণে মুখরিত উৎসব মাঠ১১ ফেব্রুয়ারি ভোর থেকেই শিক্ষার্থীদের উচ্ছলতায় মুখরিত হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। শুরুতেই উৎসবের জন্য শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চলের স্টল থেকে রেজিস্ট্রেশন করে প্রাতরাশ সংগ্রহ করে। উদ্বোধনীর আগে শিক্ষার্থীদের গণিতের নানা মজা নিয়ে দৃষ্টিনন্দন ‘৪২০ সুন্দর নাম্বার’, ‘রাসেলের ভ্রান্তি’, ‘ফর্মার উপপাদ্য’ শীর্ষক ক্ষুদ্র ব্যানারসহ ‘সুন্দরবন ও বাংলা উইকিপিডিয়া’ এবং ‘গণিত উৎসবের দশ বছর’ শীর্ষক বিশাল ব্যানারকে ঘিরে জটলা পাকাতে দেখা যায়। ‘গণিত উৎসবের পাঁচ’ ব্যানারটি সবার মনোযোগ আকর্ষণ করেছিল। অনেকেই এ সময় প্রবেশপথে রক্ষিত আঞ্চলিক উৎসবের বিজয়ীদের বিশাল ব্যানারের সামনে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে।শুভ কামনায় গণিতের মহাযজ্ঞের বিশাল উদ্বোধনীনবম জাতীয় গণিত উৎসবের উদ্বোধন হয় রৌদ্রোজ্জ্বল সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। গণিতের এই মহাযজ্ঞের শুভ উদ্বোধন করেন সেন্ট যোসেফ স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা। উদ্বোধন মঞ্চে ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ। দুই দিনের গণিতের এই মহাযজ্ঞে খুদে গণিতবিদদের উৎসাহ দিতে গণিতবিদ খোদাদাদ খান, এ এ কে এম লুৎফুজ্জামান, মুনিবুর রহমান চৌধুরী, লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ও কথাসাহিত্যিক আনিসুল হক উপস্থিত থেকে ভিন্ন মাত্রা যোগ করেন। মহা উৎসবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মাহাবুব জামান, ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুুল কাইয়ুম, ফিচার সম্পাদক সুমনা শারমীন, বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন, উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন, জাহীদ রেজা নূর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ড. আবদুল হাকিম, ড. ফারসীম মান্নান মোহাম্মদী, ড. হুমায়ুন কবীর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত শিক্ষক আলমগীর হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুর রহমান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার, অলিম্পয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, অলিম্পিয়াড কমিটির বর্তমান ও সাবেক একাডেমিক কাউন্সিলর গাজীউল হক, এস এম মামুন অর রশীদ, মাহমুদুল হাসান, তামিম শাহরিয়ার ও সুব্রত দেবনাথ। সময় যখন গণিত জয়েরসকাল নয়টা ৪৫ মিনিট, ঢং ঢং ঘণ্টাধ্বনিতে শুরু হয়ে যায় নবম জাতীয় গণিত উৎসবের মূল পর্বের পরীক্ষা। দুই, তিন ও চার ঘণ্টার গণিত জয়ের সংগ্রামের সময় নিস্তব্ধ প্রচেষ্টা দেখা গেল সবার মধ্যে। কঠিন কঠিন প্রশ্নকে কলমের খোঁচায় ভোঁতা করার তীব্র বাসনা ছিল সবার চোখেমুখে।জমেছে গণিতবিদদের গাণিতিক আসরচারদিকে শুধু নীল সাগরের ঢেউ, আশপাশে সবুজ দ্বীপের ছায়া, ওপরে উড়ন্ত পাই, ল্যামডা আর নিচে কিছু সিগমা, ওমেগা মাছের হাবুডুবু খাওয়ার দৃশ্য। কী হারিয়ে গেলেন নাকি দূরের দ্বীপ সেন্ট মার্টিনে! না, এটা কোনো দূর দ্বীপের দৃশ্য নয়। মধ্যাহ্নভোজের পর খুদে গণিতবিদেরা হাজির হয় এমনই এক বিশাল নীলাভ মঞ্চের সামনে। উৎসবের প্রথম দিনের বাকি সময়টুকু ছিল খুদে গণিতবিদদের জন্যই বরাদ্দ। উৎসবের মঞ্চ দখল করে নেয় গণিতবিদেরা। শুধু গণিতেই নয়, সুকুমার কলার চর্চায়ও যে তারা যথেষ্ট পারদর্শী, তার প্রমাণও মিলল তাদের পরিবেশিত গান, নাচ, আবৃত্তি, অভিনয় ও কৌতুক পরিবেশনে। সন্ধ্যায় খুুদে গণিতবিদদের টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণে সহযোগিতা করেছিল বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।জানা-অজানার নানা উপকরণে সমৃদ্ধ উৎসব মাঠভাষার মাসে, অমর একুশে বইমেলার সময় সবার জন্য উৎসব প্রাঙ্গণে ছিল গণিতের বইসহ প্রথমা প্রকাশন, তাম্রলিপি, সময় প্রকাশন, বিজ্ঞান একাডেমি নিয়ে গণিতের ক্ষুদ্র বইমেলা। এ ছাড়া প্রথম আলো বন্ধুসভা ও প্রথম আলো জবসের নান্দনিক স্টল। খুদে গণিতবিদদের জন্য সেন্ট যোসেফ স্কুল ও টিচার্স ট্রেনিং কলেজের স্টলে ছিল সহজ ভাষায় বিজ্ঞান ও গণিতের জটিল সূত্র প্রমাণের কাগজের মডেল। প্রাথমিক চিকিৎসার সহযোগিতায় ছিল ঢাকা ইনিস্টিটিউট অব হেলথ টেকনোলজির ঢাকা ল্যাবের চিকিৎসকেরা। উৎসবে সবাইকে পানীয়, নুডলস, জুস, আইসক্রিম সরবারহ করে নেসক্যাফে, ম্যাগি, প্রাণ ও ইগলু। সবাইকে মুক্ত সফটওয়্যার প্রদর্শন ও প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার সুযোগ করে দেয় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং সাড়া দাও বাংলাদেশ। কম্পিউটার জগৎ-এর সৌজন্যে প্রথম আলোর ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত এ উৎসব বিশ্বের প্রায় ৪০ হাজার মানুষ দেখতে পায়। উৎসব প্রাঙ্গণ ছিল বাংলালায়ন ওয়াইম্যাক্সের সৌজন্যে বিনা মূল্যের ইন্টারনেটের আওতায়। রেডিও এবিসি, অনলাইন রেডিও বিজয় উৎসবের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে। সম্মাননা পেল দিন বদলানোর যোদ্ধারাবিজ্ঞান প্রযুক্তিতে অবদানের জন্য এ বছরের জাতীয় উৎসবে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সকে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে ত্রিমাত্রিক সিসমিক সার্ভে সফলভাবে সম্পন্ন করায় বাপেক্সকে এ সম্মাননা দেওয়া হয়। এর মাধ্যমে নিজেদের গ্যাস-তেল অনুসন্ধানে বাংলাদেশকে আর বিদেশিদের ওপর নির্ভর করতে হবে না। ১৩টি আঞ্চলিক ভেন্যুর প্রতিনিধিদের স্মারক দেওয়ার পাশাপাশি সাত বছর ধরে জাতীয় উৎসব আয়োজনে সহায়তা করার জন্য সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলকে কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ভাষার গান মুক্তিযুদ্ধের কথা উৎসবের দ্বিতীয় দিন শুরু হয় ‘মা, মাটি, দেশ’ নিয়ে প্রথম আলো ঢাকা বন্ধুসভা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সংগঠন মূর্ছনার পরিবেশনা। উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দেয় মিরপুর বন্ধুসভার পরিবেশনায় ও অলিভ ইসলামের নির্দেশনায় নৃত্য রঙের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধভিত্তিক গানের সঙ্গে দলীয় নাচ। খুলনার সামাজিক সংগঠন ‘রূপান্তর’ পরিবেশনায় ছিল গণিতে পটগান। উৎসবের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীরা স্বদেশকে বদলাতে, নিজেকে বদলাতে, উন্নত করতে শপথ গ্রহণ করে। প্রথম বাংলাদেশ রুবিকস প্রতিযোগিতা১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় প্রথম বাংলাদেশ রুবিকস প্রতিযোগিতা। রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র শিহাব সারার অভি এলোমেলো রুবিকস মাত্র ৫৭ সেকেন্ডে মিলিয়ে বিজয়ী হয়। উৎসবে চারটি ক্যাটাগরিতে মোট ৭৯টি পুরস্কার দেওয়া হয়। শেষবেলায় জলরকেট উৎক্ষেপণ করে গণিতজয়ীরা জানিয়ে দেয় লক্ষ্য তাদের আকাশ ছোঁয়ার!