রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, দিনবদলের স্বপ্ন বাস্তবায়ন সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। সবাইকে সঙ্গে নিয়ে এই চ্যালেঞ্জে জয়ী হতে হবে। দিন বদলাতে হলে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে সবার আগে। সাংঘর্ষিক রাজনীতির অবসান ঘটাতে হবে। ‘বিরোধিতার জন্য বিরোধিতার’ গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে বিরোধী দলকেও জাতীয় উন্নয়ন ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। নতুন বছরের প্রথম ও নবম সংসদের চতুর্থ অধিবেশনে গতকাল সোমবার রাষ্ট্রপতি তাঁর ভাষণে এ কথা বলেন। রাষ্ট্রপতি হিসেবে জিল্লুর রহমানের এটাই সংসদে প্রথম ভাষণ। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে রাষ্ট্রপতি তাঁর ৬৩ পৃষ্ঠার দীর্ঘ ভাষণের সারাংশ সংসদে পাঠ করেন। রাষ্ট্রপতির ইচ্ছানুসারে পুরো ভাষণটি সংসদ কার্যবিবরণীর অন্তর্ভুক্ত করা হয়। এ সময় অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি দলের সাংসদেরা উপস্থিত ছিলেন। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের কোনো সাংসদ উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপতির বক্তব্যের পর সংসদের বৈঠক ১১ জানুয়ারি বেলা তিনটা পর্যন্ত মুলতবি করা হয়। রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে সরকারের গত এক বছরের উন্নয়নের মন্ত্রণালয় ও বিভাগওয়ারি চিত্র তুলে ধরেন। সাংসদেরা টেবিল চাপড়ে রাষ্ট্রপতির ভাষণকে স্বাগত জানান।রাষ্ট্রপতি বলেন, ‘সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা জাতির কাছে দায়বদ্ধ। এ জন্য সংসদে সকল পক্ষই নিয়মিত অংশগ্রহণ করে সংসদকে কার্যকর ও অর্থবহ করবেন, এটাই জাতির প্রত্যাশা। আমি আশা করি, বিরোধী দল সংসদে যোগদান করে সংসদীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখবে।’রাষ্ট্রপতি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ও দিনবদলের সনদ ঘোষণার অঙ্গীকার দেশবাসীর মনে বিপুল প্রত্যাশার জন্ম দিয়েছে। স্বাধীনতার স্বপ্নের মতোই দিনবদলের স্বপ্ন মানুষের মধ্যে আস্থা ও প্রত্যাশা জাগিয়ে তুলেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাসংগ্রামে দেশবাসী দিনবদলের স্বপ্ন দেখেছিল। স্বাধীনতার ৩৮ বছরে গণতন্ত্রের অগ্রযাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে। ফলে জনগণের কাঙ্ক্ষিত দিনবদল তথা ক্ষুধা ও বৈষম্যহীন একটি আধুনিক সমাজ গড়ে ওঠেনি। তিনি জনগণের কাঙ্ক্ষিত ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা-কুশিক্ষা, শোষণ-বঞ্চনামুক্ত ভেদ-বৈষম্যহীন উন্নত সমৃদ্ধ আধুনিক বিজ্ঞান-প্রযুক্তিজ্ঞানসম্পন্ন ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি গত বছরটিকে ইতিবাচক আখ্যায়িত করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের রায় ঘোষণার মধ্য দিয়ে জাতি দীর্ঘ ৩৪ বছরের কলঙ্কের দায় থেকে মুক্তি পেয়েছে। রাষ্ট্রপতি বলেন, সাত বছরের অপশাসনে সৃষ্ট এক চরম সংকটময় মুহূর্তে দায়িত্ব নিয়ে সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রেখেছে। বিশ্বমন্দার প্রভাব থেকে দেশকে রক্ষা করেছে। ফসলের বাম্পার ফলনের মাধ্যমে দেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, চারদলীয় জোট সরকারের পাঁচ বছরে দেশ যে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছিল, তা থেকে উদ্ধার পেয়েছে। রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন সফলতার কথা উল্লেখ করে বলেন, গত অর্থবছরে রেমিট্যান্স (প্রবাসী-আয়) বেড়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ (মজুদ) প্রথমবারের মতো ১০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৩১ শতাংশ। বিদ্যুত্-জ্বালানি, যোগাযোগ, মানবসম্পদ উন্নয়ন এবং কৃষি খাতে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিল্পসহায়ক শিল্পনীতি প্রণয়ন, বৈদেশিক পুঁজি আকর্ষণ, শ্রমঘন শিল্প-কারখানা স্থাপন, নারী উদ্যোগ বিকাশ এবং সর্বোপরি পরিবেশবান্ধব শিল্প স্থাপনে উত্সাহ ও সহায়তা দেওয়া হচ্ছে। পাটচাষিরা পাটের ন্যায্যমূল্য পেয়েছেন। জোট সরকারের আমলে বন্ধ করে দেওয়া পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে। রাষ্ট্রপতি বলেন, জঙ্গিবাদ, চরমপন্থী দমন, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধকে সরকার চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। যুদ্ধাপরাধ, চার জাতীয় নেতার হত্যাকাণ্ডসহ সব হত্যাকাণ্ড, ২১ আগস্ট গ্রেনেড হামলা, চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলা, সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলাসহ সব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তথ্য অধিকার আইনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ইতিমধ্যে তথ্য কমিশন কাজ শুরু করেছে। লেখক, সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা সমুন্নত করতে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। রাষ্ট্রপতি বলেন, সার, বীজ ও সেচসহ কৃষি উপকরণের মূল্য কমানো হয়েছে। বিগত সরকারের মেয়াদে চালের কেজি ৪২ থেকে ৪৫ টাকার স্থলে বর্তমানে ২২ টাকায় বিক্রি হচ্ছে। কৃষক যাতে উত্পাদিত পণ্যের ন্যায্যমূল্য পায়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি বলেন, পদ্মা সেতু নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর যানজট নিরসনে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। নদী খনন, নদীর নাব্যতা বৃদ্ধি ও স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সরকার নিজস্ব তহবিল থেকে ৭০০ কোটি টাকার জলবায়ু পরিবর্তন তহবিল গঠন করেছে। ২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার ১৫ শতাংশ হ্রাস করার লক্ষ্যে সরকার কাজ করছে।মুক্তিযোদ্ধাদের কল্যাণে নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতাযুদ্ধে শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ১৪২টি পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ১৯৭২ সালের নির্ধারিত মূল্যের ভিত্তিতে পরিত্যক্ত বাড়ি হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা বাড়ানো হয়েছে। মুক্তিযোদ্ধা কর্মকর্তা ও কর্মচারীদের অবসরের বয়সসীমা ৫৯ বছর করা হয়েছে। রাষ্ট্রপতি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ দুর্নীতির অপবাদ থেকে মুক্তি পেয়েছে। রাষ্ট্রপতি বলেন, সরকার জাতিসংঘ মিশনে আরও বেশি সেনাসদস্য পাঠানোর চেষ্টা অব্যাহত রেখেছে। বর্তমান সরকার সৈনিকদের জন্য একবেলার পরিবর্তে দুই বেলা মাছ, মাংস অথবা ডিম সরবরাহের ব্যবস্থা নিয়েছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের রেশনের পরিমাণও বাড়ানো হয়েছে। বাংলাদেশ রাইফেলস, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও কারা অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীকে রেশন-সুবিধার আওতায় আনা হয়েছে।