বিজয়ের ৪০ বছর উদ্যাপন উপলক্ষে গতকাল শুক্রবার রবি ও চ্যানেল আই আয়োজন করে ‘বিজয় মেলা’। ঘড়িতে বেলা ১১টা ১০ মিনিট। চ্যানেল আই কার্যালয় প্রাঙ্গণে নির্মিত মঞ্চে শিল্পীরা সমবেত কণ্ঠে গেয়ে ওঠেন ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটি। একই সঙ্গে তখন ৪০টি কবুতর ও বেলুন উড়িয়ে এই বিজয় মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী, নারী মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য, কয়েকটি দৈনিক পত্রিকার সম্পাদক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিত্রশিল্পী, সংগীতশিল্পী, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী, লেখক আর সুশীল সমাজের প্রতিনিধিরা। এবার বিজয় মেলায় আজীবন সম্মাননা জানানো হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যামকে। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন এবং হাতে ক্রেস্ট ও এক লাখ টাকার চেক তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, রবির সিএফও মাহতাব উদ্দিন আহমেদ, সিসিও মতিউল ইসলাম এবং লেখক সৈয়দ শামসুল হক। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্য শিল্পীরা। সুজেয় শ্যাম তাঁর অনুভূতি জানাতে গিয়ে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও চ্যানেল আইকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব গান ও অনুষ্ঠানগুলো সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান। মেলা প্রাঙ্গণে ছবি আঁকেন বিশিষ্ট চিত্রশিল্পীরা। মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় ফকির আলমগীরের নেতৃত্বে ঋষিজ শিল্পীগোষ্ঠীর শিল্পীদের গাওয়া ‘জয় বাংলা বাংলার জয়’ গানটি দিয়ে। এরপর ধারবাহিকভাবে চলে নাচ, আবৃত্তি, স্মৃতিচারণা ও সংগীত পরিবেশনা। মেলা অব্যাহত ছিল বিকেল চারটা পর্যন্ত। মেলার বিভিন্ন অনুষ্ঠান চ্যানেল আইতে সরাসরি সম্প্রচার করা হয় বেলা দুইটা পর্যন্ত। মেলায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, মুক্তিযুদ্ধের বই, মুক্তিযুদ্ধ জাদুঘর, হস্তশিল্প ও কুটিরশিল্প, পান-সুপারি, কেকা ফেরদৌসীর রান্নাঘরসহ ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল।