দিনব্যাপী বর্ণমেলা কাল ধানমন্ডিতে
আগামীকাল সোমবার অমর একুশে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দিনটি পৃথিবীব্যাপী স্বীকৃত। রক্তরঞ্জিত ভাষা আন্দোলনের মহিমা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে কাল একুশে ফেব্রুয়ারি প্রথম আলো দ্বিতীয়বারের মতো আয়োজন করছে দিনব্যাপী বর্ণমেলা। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ মেলা অনুষ্ঠিত হবে।সকাল সাড়ে আটটায় জাতীয় সংগীত ও ভাষার গানের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে শুরু হবে বর্ণমেলা, চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। মেলায় থাকবে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাংলা বর্ণমালা নিয়ে বিভিন্ন প্রদর্শনী, শব্দ ধাঁধা, বর্ণের গোলকধাঁধা, বই প্রদর্শনী, নাগরদোলা, বর্ণের বিবর্তন, বর্ণ শোভা, আলোকচিত্র প্রদর্শনী, খাবারে-পোশাকে বর্ণসহ নানা আয়োজন। বাংলা বর্ণমালা নিয়ে এ মেলায় আরও থাকবে নানা বর্ণিল আয়োজন। শিশু-কিশোরদের প্রাণোচ্ছল অংশগ্রহণ আর অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি— সব মিলিয়ে বর্ণমেলার প্রাঙ্গণজুড়ে এক ভিন্নতর, বর্ণিল উত্সবের জন্য সব রকমের আয়োজন থাকবে। সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিনটি গ্রুপে। ‘ক’ বিভাগ তৃতীয় শ্রেণী পর্যন্ত, ‘খ’ বিভাগ চতুর্থ থেকে সপ্তম শ্রেণী এবং ‘গ’ বিভাগ অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত। চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা হবে বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত। পুরস্কার বিতরণের পর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ছবিগুলো বর্ণমেলায় প্রদর্শিত হবে বিকেল তিনটা থেকে। ছবি আঁকার সরঞ্জাম ও হাতে লেখার জন্য পেনসিল আর কলম সঙ্গে করে আনতে হবে। ছবি আঁকা ও হাতের লেখার জন্য প্রয়োজনীয় কাগজ প্রথম আলো থেকে দেওয়া হবে। বর্ণমেলার মূল মঞ্চ এক ঘণ্টার জন্য ছেড়ে দেওয়া হবে মেলায় উপস্থিত শিশু-কিশোরদের জন্য। এ সময় তারা নিজেদের উপস্থাপনায় মাতিয়ে তুলবে মেলা প্রাঙ্গণ। বর্ণমেলার পুরো মাঠজুড়ে থাকবে বর্ণ ও ভাষা নিয়ে স্থাপনা শিল্প। বর্ণমেলায় থাকছে বর্ণ পরিচয়ের উত্সব ‘হাতেখড়ি’। ছোট্ট সোনামণিদের হাতেখড়ি দিতে বর্ণমেলায় উপস্থিত থাকবেন শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিত্ রায় চৌধুরী, সৈয়দ মনজুরুল ইসলাম, আবুল বারক আলভী ও ওয়াকিলুর রহমান। আপনার সন্তানকে বাংলা বর্ণে হাতেখড়ি দিতে বেলা তিনটা থেকে চারটার মধ্যে অংশ নিন বর্ণমেলার হাতেখড়ি উত্সবে। এ ছাড়া বর্ণমেলার মূল মঞ্চ মেতে থাকবে পাপেট ও মাপেট শো, সিসিমপুর, মূকাভিনয়, পুতুল খেলা, জাদু প্রদর্শনীসহ নানান আয়োজনে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, বুলবুল ইসলাম, শারমিন সাথী ইসলাম ময়না ও অদিতি মহসিন।