দিনব্যাপী শান্তিপূর্ণ হরতাল
বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে বিএনপির ডাকে আজ রোববার রাজধানীসহ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত য়েছে। হরতাল চলাকালে সংঘর্ষে রাজধানীতে ২১০ জনের গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গাড়ি ভাঙচুরের অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে শাহবাগ থানায় দায়ের করা মামলায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া হরতাল চলাকালে পুলিশের কর্তব্যকাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে তেজগাঁও থানায় দায়ের করা মামলায় খালেদা জিয়ার দুই উপদেষ্টা আবদুল মান্নান ও আহমেদ আজম খানকে গ্রেপ্তার দেখানো হয়।পরে বিকেলে ওই দুই উপদেষ্টাসহ ছয়জনকে জামিন দেন আদালত।হরতাল চলাকালে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের অন্তত ৩০ নেতা-কর্মী আহত হন।শমসের মবিন চৌধুরীকে মহাখালী ওয়্যারলেস গেট থেকে, মির্জা আব্বাসকে শাজাহানপুর থেকে এবং ফার্মগেট ও কারওয়ানবাজার এলাকা থেকে আবদুল মান্নান ও আহমেদ আজম খানকে আটক করা হয়।সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে পিকেটিং করার চেষ্টাকালে ছাত্রদলের পাঁচ নেতা-কর্মীকে কোতোয়ালি থানা পুলিশ আটক করে। পরে বিকেলে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম আদালত। ওই পাঁচজন হলেন আহ্বায়ক গোলাম মাওলা, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন এবং তিন কর্মী আল আমিন, কাইয়ুম, আমিন।রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রাজিয়া আলমসহ পাঁচজনকে এবং যাত্রাবাড়ী থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন কর্মীকে আটক করা হয়েছে।হরতাল চলাকালে সকালে শাহবাগ এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া হরতাল সমর্থকদের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীসহ বিএনপি ও ছাত্রদলের অন্তত ২৫ নেতা-কর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।