দিনভর আতঙ্ক, জামায়াতের হরতালে বিএনপির সমর্থন
রাজধানীতে গতকাল সোমবার পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করতে না পেরে আজ মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই হরতালে নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি। গত রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ সমর্থনের কথা জানান।হরতালের কারণে দেশের বেশির ভাগ বিদ্যালয়ের আজকের বার্ষিক পরীক্ষা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।এদিকে ‘নিরাপত্তার কারণে’ পুলিশ অনুমতি না দেওয়া সত্ত্বেও গতকাল বিকেলে বায়তুল মোকাররমের সামনে জামায়াতের সমাবেশ করার ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীবাসী উৎকণ্ঠার মধ্যে ছিল। সমাবেশের অনুমতি না পেয়ে দুপুরে জামায়াতের হরতাল কর্মসূচি ঘোষণা করে। এ খবর প্রচারিত হওয়ার পর হরতাল-পূর্ব চোরাগোপ্তা হামলা-ভাঙচুরের আশঙ্কায় নগরবাসীর মধ্যে আতঙ্ক-উৎকণ্ঠা আরও বেড়ে যায়।অবশ্য পরিস্থিতি মোকাবিলায় গতকাল সকাল থেকেই বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট-সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকায় নিরাপত্তাবলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোতায়েন ছিল পুলিশের সাঁজোয়া যান। এমনকি ওই এলাকার ফুটপাতে হকার ও খুদে ব্যবসায়ীদেরও বসতে দেয়নি। পথচারীদেরও তল্লাশির মুখে পড়তে হয়। এ ছাড়া নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও ব্যাপক প্রস্তুতি নিয়ে র্যা ব-পুলিশ মোতায়েন ছিল। তা সত্ত্বেও গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেন জামায়াতের কর্মীরা। এর মধ্যে একটিতে আগুন ধরেনি, অন্যটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া হরতালের সমর্থনে কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে জামায়াত-শিবিরের কিছু কর্মী মিছিল বের করলে শ্রমিক লীগ ও ছাত্রলীগ ধাওয়া করে তা ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে।পুলিশ জানিয়েছে, বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ২৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২০ জনকে আটক করা হয়েছে পল্টন এলাকা থেকে। পুলিশের মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মেহেদী হাসান বলেন, এই ২০ জনের কাছে হরতালের সমর্থনে প্রচারপত্র ও ব্যানার পাওয়া গেছে।তবে গণমাধ্যমে পাঠানো ঢাকা মহানগর জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, হরতালের সমর্থনে দলটি লালবাগ, আজিমপুর, পল্টন, বাড্ডা, ভাটারা, বাসাবো, খিলগাঁও, বাংলামোটর, শেরেবাংলা নগর, যাত্রাবাড়ী চৌরাস্তা, নয়াবাজার, মিরপুর মাজার রোডসহ নগরের ৩৬টি স্থানে গতকাল সন্ধ্যায় মিছিল করেছে। এ ছাড়া ৪৮ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে দলটি দাবি করেছে।গতকাল দুপুরে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন। এর আগে গতকাল দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আজ (গতকাল) বিকেলের বিক্ষোভ সমাবেশ করতে না দিলে আগামীকাল (আজ) মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল।’ তিনি বলেন, পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর কথা পরস্পরবিরোধী। পুলিশ বলছে তারা জামায়াতের অনুমতি চাওয়া-সংক্রান্ত আবেদন পেয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জামায়াত আবেদনই করেনি।এদিকে ঢাকা সড়ক পরিবহন সমিতির এক বিজ্ঞপ্তিতে জামায়াতের হরতাল উপেক্ষা করে রাজধানীতে বাস চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহর সভাপতিত্বে তাৎক্ষণিক এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।