দিনাজপুর ,নওগাঁ ও মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর, নওগাঁ ও মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ বৃহস্পতিবার পাঁচজন নিহত হয়েছেন। দিনাজপুর: দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের সহকারী পরিদর্শক মো. রফিক বলেন, দিনাজপুর থেকে রংপুরমুখী মিনিবাস সকাল ১০টার দিকে জেলার রামডুবি এলাকায় ঢাকা-দিনাজপুর মহাসড়কে দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্থানীয় কালিকাপুর গ্রামের মো. ইউসুফ আলীর স্ত্রী খাতুন নেছা (৬৫) ও তাঁর নাতনি খুরশিদা বেগমের (৫) মৃত্যু হয়।এ দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখে। ফলে মহাসড়কের উভয় দিকে বাস-ট্রাক, মিনিবাসসহ শত শত যানবাহন আটকা পড়ে। পুলিশ ও স্থানীয় জন প্রতিনিধিদের হস্তক্ষেপে তিন ঘণ্টা পর একটার দিকে জনতা অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।নওগাঁ: পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নওগাঁ-সাপাহার সড়কের বালুঘা এলাকায় আজ সকাল সাড়ে আটটার দিকে বাসের চাপায় সাইদুর রহমান (২৯) ও তাছির আহমেদ (২৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তাঁরা নওগাঁর পত্নীতলা উপজেলার শিতল গ্রামের বাসিন্দা। তাঁরা নিজ গ্রাম থেকে পত্নীতলা সদরে আসছিলেন। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী ঘটনাস্থলের অদূরে শিবপুর এলাকায় বাসটি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ বাসটিকে আটক করে। এ ব্যাপারে পত্নীতলা থানায় একটি মামলা হয়েছে। মীরসরাই: মীরসরাই হাইওয়ে পুলিশের সার্জেন্ট সরওয়ার হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ঠাকুরদীঘি এলাকায় আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে যাত্রীবাহী বাস ও সিনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছে। সিএনজি ও বাস আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।