দিনাজপুর চেম্বার ভবনসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা
ব্যবসায়ীদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ এড়াতে দিনাজপুর চেম্বার ভবন ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ ব্যবস্থা বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ।দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, গত ১৮ আগস্ট চেম্বারের বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়। ২৯ জুলাই চেম্বারের নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। এর আগে চেম্বারের সভাপতি মো. নুরুল মঈন মিনুর বিরুদ্ধে অনেক ভুয়া ভোটার, ভুয়া ট্রেড লাইসেন্স, এনবিআরের জাল সনদ, আমদানিকারক সনদ তৈরিসহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগের প্রমাণ পায় এফবিসিসিআইয়ের তদন্ত কমিটি। তাদের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় দিনাজপুর চেম্বারে কেন প্রশাসক নিয়োগ করা হবে না, এ মর্মে সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দেয়। কিন্তু নুরুল মঈন বাণিজ্য মন্ত্রণালয়ের ওই নির্দেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে রিট আবেদন করেন। গত ২৭ জুলাই উচ্চতর আদালত দিনাজপুর চেম্বারের নির্বাচন তিন মাস স্থগিত করে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ‘বর্তমান কমিটি’কে কাজ চালিয়ে যেতে বলেন। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে ১৪ আগস্টের মধ্যে তাঁদের দেওয়া শোকজের ব্যাপারে জবাব দিতে বলেন।উচ্চতর আদালতের ওই আদেশ চ্যালেঞ্জ করে চেম্বারের সাবেক সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম সর্বোচ্চ আদালতে আপিল আবেদন করেন। গত ২৩ আগস্ট সর্বোচ্চ আদালত ২৭ জুলাই তারিখে উচ্চতর আদালতের দেওয়া আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করে আপিলকারীকে রেগুলার লিভ আবেদন করার নির্দেশনা দেন। এ অবস্থায় মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর চেম্বারের সভাপতি নূরুল মঈনসহ কমিটি তাঁদের কার্যক্রম চালানোর ক্ষমতা হারায়। দিনাজপুর চেম্বার সূত্রে জানা গেছে, সর্বোচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে নুরুল মঈনের নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণ কমিটির একটি অংশ আজ বিকেল পাঁচটায় চেম্বার ভবনে কার্যকরী কমিটির সভা আহ্বান করেন। এর প্রতিবাদে দিনাজপুরের দুই শতাধিক ব্যবসায়ী আজ বেলা তিনটায় চেম্বার ভবনে তালা লাগিয়ে দেন। এ অবস্থায় সংঘর্ষ এড়াতে জেলা প্রশাসক দিনাজপুর চেম্বার ভবনসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন। চেম্বার ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইকবাল শামীম।