দিনাজপুর শহরবাসীও ভোগান্তিতে
দিনাজপুর শহরে অনুমোদনহীন রিকশা চলছে প্রায় আট হাজার। এসব রিকশার দাঁড়ানোরই জায়গা নেই। রিকশাস্ট্যান্ডের জায়গা দখল করে গড়ে উঠেছে দোকানপাট। তার ওপর নতুন করে রাস্তায় নেমেছে প্রায় দুই হাজার ব্যাটারিচালিত অটোরিকশা। এ নিয়ে রিকশা ও টেম্পোচালক ও মালিকদের সঙ্গে প্রতিদিনই বাধছে বিরোধ। সরেজমিনে দেখা গেছে, শহরের মৌবন, গাউস এন্টারপ্রাইজ, হিমেল ইলেকট্রনিকস, জাহিদ এন্টারপ্রাইজ, বোরাক এন্টারপ্রাইজসহ প্রায় ১৫টি স্থানে ব্যাটারিচালিত এসব অটোরিকশার এজেন্সি রয়েছে। প্রতিদিন গড়ে দুটি করে অটোরিকশা বিক্রি হয়। প্রতিটির দাম ৮০ হাজার থেকে এক লাখ ২০ হাজার টাকা। শহরে প্রায় পাঁচ হাজার অটোরিকশা চলাচল করছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।১৭ আগস্ট সকাল সাড়ে নয়টায় দিনাজপুর শহরের আদালতপাড়ায় কথা হয় আইনজীবী মনিরুল ইসলামের সঙ্গে। তিনি জানান, পৌরসভার সামনে থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত রাস্তাটিতে কমপক্ষে দুই শতাধিক ব্যাটারিচালিত রিকশা দাঁড়িয়ে আছে। মাঝে স্টেশন রোড, জেলা প্রশাসকের কার্যালয় থেকে আসা রাস্তা, মিশন রোড এবং আদালত—চারদিক থেকে চলাচলকারী যানবাহনে পুরো এলাকা যেন যানজটে আটকে গেছে। রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, কার ও ট্রাক ট্রাফিকও নিয়ন্ত্রণ করতে পারছে না। শহরের গণেশতলা এলাকায় বসবাসকারী কলেজশিক্ষক মাহবুব আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, রিকশাচালকদের দুর্ব্যবহার আর অতিরিক্ত ভাড়া আদায়ে জিম্মি দিনাজপুরবাসীর গলার নতুন ঘ্যাগ হয়েছে ব্যাটারিচালিত ইজি-বাইক। শহরের কালীতলা এলাকায় রহিম আফরোজ-এর পরিবেশক আশীষ কুমার দত্ত জানান, একটি অটোবাইকে চারটি করে ব্যাটারি থাকে। প্রতিদিন কমপক্ষে আট ঘণ্টা চার্জ দিতে হয়। তাহলে ১০০ কিলোমিটার চলতে পারে। চার্জ দিতে খরচ হয় ২০ টাকা।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. একরামুল হক জানান, ব্যাটারিচালিত ইজি-বাইকগুলো আসায় শহরের যানজট চরম আকার ধারণ করেছে। পৌরসভা বা বিআরটিএর উচিত, শহরের রাস্তা অনুযায়ী কতটি ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে, তা হিসাব করে রেজিস্ট্রেশন ও লাইসেন্স দেওয়া। দিনাজপুর চালকল মালিক গ্রুপের সভাপতি মো. মোসাদ্দেক হুসেন প্রথম আলোকে বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাগুলো এত বেশি সংখ্যায় রাস্তায় নেমেছে যে শহরে সাইকেল, মোটরসাইকেল বা কার চালানো দায় হয়ে পড়েছে। দিনাজপুর জেলা রিকশা চালক ইউনিয়নের সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, ৮০টি ব্যাটারিচালিত অটোরিকশা চলার কথা বলে চলছে হাজার হাজার। কথা ছিল, এসব যানবাহন শহরের কোথাও দাঁড়াবে না। শহরের বাইরে থেকে যাত্রীদের তুলবে। বর্তমানে তারা রাস্তায় চলাচলের কোনো আইন বা নিয়মের তোয়াক্কা করছে না।রিকশা শ্রমিক লীগের উপদেষ্টা মো. মজিবর রহমান বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাগুলো বেশি সংখ্যায় রাস্তায় নামার কারণে রিকশাচালকদের আয় কমে গেছে। আগে একজন চালক এক বেলা রিকশা চালিয়ে ১০০ থেকে ১৩০ টাকা পর্যন্ত আয় করতেন। কিন্তু এখন একজন চালক সারা দিন রিকশা চালিয়ে ১০০ টাকা কামাই করতে হিমশিম খাচ্ছেন। রিকশা মালিক ও শ্রমিক নেতারা অভিযোগ করেন, এসব অটোরিকশা বিনা লাইসেন্সে অবাধে চলাচলের সুযোগ করে দিচ্ছে ট্রাফিক পুলিশ পরিদর্শকের অফিস। প্রতি মাসে ১০০ টাকা হারে ট্রাফিক পরিদর্শককে মাসোহারা দেন অটোচালকেরা। তবে দিনাজপুর ট্রাফিক পরিদর্শক মো. মিজানুর রহমান ওই অভিযোগ অস্বীকার করেন।টেম্পো মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান বলেন, প্রায় ছয় মাস আগে দিনাজপুর পৌরসভায় এক সমঝোতা বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল শহরে ৮০টির বেশি অটোবাইক চলবে না, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি।দিনাজপুর অটোরিকশা শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, শহরে প্রায় তিন হাজার অটোরিকশা চলছে। সরকার এসব অটোরিকশা আমদানির অনুমতি দিয়েছে। তাই অটোরিকশা কেউ বন্ধ করতে পারবে না। দিনাজপুর পৌরসভার মেয়র সফিকুল হক বলেন, প্রায় এক বছর আগে শহরের রাস্তায় হঠাৎ চলতে শুরু করে এসব ব্যাটারিচালিত রিকশা। দু-তিন মাসের মধ্যে শহরে প্রায় ৪০টি অটোরিকশা চলতে দেখে রিকশাচালক ও মালিকেরা প্রবল আপত্তি তোলেন। প্রায় ছয় মাস আগে রিকশা শ্রমিক ও মালিক, পৌর কাউন্সিলর এবং বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের নিয়ে এক সভা হয়। সভায় পৌর এলাকায় সর্বোচ্চ ৮০টি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে সরকারি নির্দেশনার অভাবে এর লাইসেন্স বা রেজিস্ট্রেশন কে দেবে, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।