দিনাজপুর সায়েন্স একাডেমি ও প্যারালাল ম্যাথ স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিতের ভীতি দূর করা, গণিতের মাধ্যমে স্বপ্ন দেখা ও গণিতের উন্নয়নের জন্য এবং বিজ্ঞানকে জনপ্রিয় করার লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে দিনাজপুরের সায়েন্স একাডেমি ও প্যারালাল ম্যাথ স্কুল।গণিতে ভালো করার জন্য তারা প্রতিবছর আয়োজন করে দিনাজপুর গণিত উত্সব। বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়েও আয়োজন করে থাকে বিভিন্ন অনুষ্ঠানের। এতে করে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয়।প্রতিষ্ঠানটি কয়েকজন শিক্ষক নিয়ে ২০০৭ সালের আগস্ট মাসে যাত্রা শুরু করে। তাদের প্রধান উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক মানসিকতা তৈরির উৎসাহ সৃষ্টি করা। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আঞ্চলিক গণিত উত্সব শুরু হওয়ার কয়েক মাস আগে অনুষ্ঠিত হয় দিনাজপুর গণিত উত্সব। এটি ২০০৮ সালে ৮০০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। চারটি গ্রুপে ৫০ জন করে মোট ২০০ জন খুদে গণিতবিদ বাছাই করে। সেই ২০০ জনকে নিয়ে করা হয় গণিত ক্যাম্প। গণিত ক্যাম্পে যারা ভালো করে, তারা অংশ নেয় আঞ্চলিক গণিত উত্সবে। আঞ্চলিক উত্সবে যারা বিজয়ী হয়, তাদের নিয়ে আবার ক্যাম্প। তারপর জাতীয় উত্সব। এবার জাতীয় উত্সবে সেখানকার নয়জন শিক্ষার্থী অংশ নেয়। তারা বেশ উচ্ছল। চোখে-মুখে উত্সাহের ছাপ। কে পুরস্কার পেল, কে পেল না, সেটা নিয়ে নেই কারও মাথাব্যথা। বরং দিনাজপুর গণিত উত্সবে যেমন আনন্দ-উচ্ছ্বাস করেছিল, ঠিক একইভাবে তারা শেষ করে জাতীয় উত্সব।বৃহত্তর দিনাজপুর তাদের উদ্যোগে অনুষ্ঠিত হবে দিনাজপুর গণিত উত্সব। ছেলেমেয়েও কম নয়। কিন্তু নাম নিবন্ধন করা হবে ৮০০ জনের। কী উপায়! এটা শুরু হলো—আগে এলে আগে পাবে নীতিতে। এভাবে চলে নাম নিবন্ধন। তারপর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে দিনাজপুর সায়েন্স একাডেমি ও প্যারালাল ম্যাথ স্কুল।স্কুলটি সামনে নিয়ে যাওয়ার জন্য যাঁর সবচেয়ে বেশি ভাবনা, তিনি হলেন প্রতিষ্ঠানের সভাপতি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিজ্ঞানের সহযোগী অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার। তিনি জানান আগামী দিনের পরিকল্পনা। বলেন, ‘স্কুলে স্কুলে গণিতচর্চা কেমন করে করা যায়, সেটা আমরা শুরু করব। এ ছাড়া বিজ্ঞানের অন্য বিষয়গুলো তো আছেই।’মাইক্রোফোনে ঘোষণা হলো—সেরা গণিত ক্লাব দিনাজপুর সায়েন্স একাডেমি ও প্যারালাল ম্যাথ স্কুল। চারদিক যেমন ছিল শিক্ষার্থীদের করতালিতে মুখর, তেমনি বিকাশ চন্দ্র সরকারের চোখে-মুখে ছিল আনন্দের ঝলকানি। তিনি বলেন, খু-ব খু-উ-ব, ভালো লাগছে। আমাদের আগামী দিনের কাজের পরিকল্পনা আরও শক্তিশালী করার প্রেরণা পেলাম।