দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশের একজন নাগরিক আহত হয়েছেন। তাঁর নাম আবদুর রহিম (৩৫)। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা গুলিবিদ্ধ আবদুর রহিমের কোনো খোঁজ পাননি। আজ শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। বিরামপুরের দাউদপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. সিদ্দিক হোসেন বলেন, আবদুর রহিম দাউদপুর সীমান্তের ২৯০ নম্বর মেইন পিলারের ৩২ নম্বর সাব-সীমানা পিলারের কাছাকাছি দিয়ে ভারতে ঢুকে পড়েন। ভারতের জামালপুর সীমান্ত থেকে গরু কিনে নিয়ে দেশে আসার সময় সে দেশের ভীমপুর ক্যাম্পের বিএসএফ তাঁকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। গুলিটি আবদুর রহিমের বাঁ-হাতে লাগে। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নায়েব সুবেদার মো. সিদ্দিক হোসেন আরও বলেন, ওই সীমান্ত এলাকা থেকে সকালের দিকে একটি গরুর বাছুর উদ্ধার করে ক্যাম্পে রাখা হয়েছে।আবদুর রহিমের বন্ধু হারুন প্রথম আলোকে বলেছেন, সকালের দিকে রহিম তাঁকে মোবাইল ফোনে হাতে গুলি লাগার কথা জানান। তবে তিনি কোথায় আছেন, তা জানাননি। আটকের ভয়ে তিনি আত্মগোপন করে থাকতে পারে বলে তিনি জানান।ফুলবাড়ী ৪০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমিরুল ইসলাম শিকদার সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘কে গুলিবিদ্ধ হয়েছে তার খোঁজ করা হচ্ছে। যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে তার বাড়িতে খোঁজ করা হয়েছে, কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। আমরা তার মা-বাবাকে তাকে হাজির করার জন্য বলেছি। এখনো তাকে হাজির করা হয়নি। যদি সত্যিই কোনো বাংলাদেশি বিএসএফের গুলিতে আহত হয়ে থাকে তাহলে বিজিবি এর তীব্র প্রতিবাদ জানাবে।’