বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত দিনাজপুর সেক্টর সদর দপ্তরের অভিযুক্ত ১৩ বিডিআর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পন্ন হয়েছে। একই সঙ্গে কাল বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।আজ মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর বিডিআর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৩-এ এই অভিযোগ গঠন সম্পন্ন হয়। এ সময় ১০ জন আসামি তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেছেন বলে জানা গেছে।আদালত সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় বিদ্রোহের সঙ্গে জড়িত গ্রেপ্তার হওয়া ১৩ জন আসামিকে আদালতে হাজির করা হয়। আসামিদের উপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন আদালতের প্রসিকিউটর দিনাজপুর বিডিআর সেক্টরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তারেক ইফতেখার উদ্দিন খান। এ সময় ১৩ আসামির মধ্যে আটজন নিজেদের অপরাধ স্বীকার করেন এবং পরে সাক্ষীদের জবানবন্দি নেওয়ার সময় আরও দুজন তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেন।পরে আসামিদের বিরুদ্ধে ১৭ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।আদালতের সভাপতি (বিচারক) হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুর বিডিআরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমাদ। তাঁকে সহযোগিতা করেন বিডিআর সদর দপ্তরের কর্মকর্তা লে. কর্নেল মো. মাহফুজ আলম, পিএসসি, মেজর মুহাম্মদ মাসুদ উল আলম ও আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন বিশ্বজিত্ রায়।