বিডিআর বিদ্রোহে জড়িত থাকার দায়ে দিনাজপুর সেক্টর সদরের ১৩ জন জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। আসামিদের সর্বোচ্চ চার বছর থেকে সর্বনিম্ন চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।আজ মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-এ রায় দেন। আদালতে সভাপতিত্ব করেন বিজিবির দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল সালেহ আহমাদ।পাঁচজনকে চার বছর, তিনজনকে তিন বছর, দুজনকে দুই বছর, একজনকে এক বছর ছয় মাস, একজনকে এক বছর এবং একজনকে চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।উল্লেখ্য, বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে দিনাজপুর সেক্টর সদরের ১৩ জনের বিরুদ্ধে গত ২৭ নভেম্বর বিচারকাজ শুরু হয়। গত ১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরদিন ১৭ জন সাক্ষী আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। ১৩ আসামির মধ্যে ১১ জন আদালতে তাঁদের দোষ স্বীকার করেন। আজ রায় ঘোষণা করা হয় ।