দিনাজপুরে আজও ১৪৪ ধারা চলছে
দিনাজপুরে আজ শুক্রবারও ১৪৪ ধারা চলছে। জামায়াত ও মুক্তিযোদ্ধা সংসদ একই স্থানে সভা আহ্বান করায় গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আজ শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা তৈয়বা মজুমদার রক্ত সঞ্চালন কেন্দ্রের গেস্ট হাউসে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে ঘেরাও করেন। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল প্রথম আলোর কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। উল্লেখ্য, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এবং জামায়াত-শিবির নেতা-কর্মীরা যেন কোনো প্রকার প্রতিনিধি সম্মেলন বা সমাবেশ করতে না পারে, এ আহ্বান জানিয়ে গতকাল সন্ধ্যায় মুক্তিযোদ্ধারা শহরে মশাল মিছিল বের করে জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে শহরের মডার্ন মোড়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।