দিনাজপুরে কঠিন শিলা খনিতে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থায়ী নিয়োগ এবং চলতি বছরের এপ্রিল পর্যন্ত বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গতকাল শনিবার বিকেল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের শ্রমিকেরা। এ কারণে খনি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে। শ্রমিকেরা খনির প্রবেশপথ বন্ধ করে দিয়ে আজ রোববারও মিছিল, পথসভা ও বিক্ষোভ সমাবেশ করছেন।মধ্যপাড়া কঠিন শিলা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমিনুল হক আজ সকালে জানান, তাঁদের প্রধান দাবি, খনিতে কর্মরত ২৯২ জন শ্রমিককে সরকারিভাবে স্থায়ী নিয়োগ দেওয়া। তাঁরা বেসরকারি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে থাকতে চান না। তিনি জানান, সরকারি বিধি অনুযায়ী ২০০০ সালে ২৯২ জন শ্রমিককে ছয় মাসের জন্য সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। শর্ত অনুযায়ী ছয় মাস সাফল্যজনকভাবে প্রশিক্ষণ শেষ করার পর তাঁদের স্থায়ী নিয়োগ দেওয়ার কথা ছিল। কিন্তু ২০০৪ সালে সরকার হঠাত্ সিদ্ধান্ত পরিবর্তন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে শ্রমিক নিয়োগপত্র গ্রহণে বাধ্য করে।শ্রমিকদের অভিযোগ, বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে তাঁরা ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। চাকরির কোনো নিশ্চয়তা বা চাকরি শেষে কোনো প্রকার সুযোগ-সুবিধার বিষয় নেই। বর্তমানে শ্রমিকদের দাবি, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প কর্তৃপক্ষ তাঁদের স্থায়ীভাবে নিয়োগ দেবেন। সেই সঙ্গে বকেয়া বেতন পরিশোধেরও দাবি তাঁদের।মধ্যপাড়া কঠিন শিলা খনি কর্মচারী-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের দাবি, আল্টিমেটাম দেওয়ার পর কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কোনো প্রকার সমঝোতা বৈঠক করেনি। এ অবস্থায় শ্রমিকেরা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।শ্রমিকদের ধর্মঘটে যাওয়ার কথা স্বীকার করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফারুক হোসেন বলেন, বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। স্থানীয় সাংসদ ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আজ রোববার বিকেলে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন বলে তিনি জানান।কিন্তু শ্রমিক নেতাদের সঙ্গে মো. ফারুক হোসেনের আলোচনায় বসার কথা থাকলেও আজ রোববার বিকেলে তিনি আলোচনায় বসেননি। আলোচনা না হওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে বলে খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা জানিয়েছেন। এ ব্যাপারে মধ্যপাড়া কঠিন শিলা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কোষাধ্যক্ষ আনোয়ারুল হক জানান, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হোসেনের সঙ্গে আজ বিকেলে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তিনি আলোচনায় না এসে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছেন। তাই আলোচনা না হওয়া পর্যন্ত শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।এ ব্যাপারে মো. ফারুক হোসেনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।