দিনাজপুরে কঠিন শিলা প্রকল্পে চতুর্থ দিনের মতো ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থায়ী নিয়োগ এবং চলতি বছরের এপ্রিল পর্যন্ত বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের শ্রমিকেরা। শ্রমিকেরা গত শনিবার বিকেল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। এ কারণে খনি থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। শ্রমিকেরা খনির প্রবেশপথ বন্ধ করে দিয়ে আজ মঙ্গলবারও মিছিল, পথসভা ও বিক্ষোভ সমাবেশ করছেন।মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমিনুল হক জানান, তাঁদের প্রধান দাবি, খনিতে কর্মরত ২৯২ জন শ্রমিককে সরকারিভাবে স্থায়ী নিয়োগ দেওয়া। তাঁরা বেসরকারি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করতে চান না। তিনি জানান, সরকারি বিধি অনুযায়ী ২০০০ সালে ২৯২ জন শ্রমিককে ছয় মাসের জন্য সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছিল।শর্ত অনুযায়ী ছয় মাস সাফল্যজনকভাবে প্রশিক্ষণ শেষ করার পর তাঁদের স্থায়ী নিয়োগ দেওয়ার কথা ছিল। কিন্তু ২০০৪ সালে সরকার হঠাত্ সিদ্ধান্ত পরিবর্তন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে শ্রমিক নিয়োগপত্র গ্রহণে বাধ্য করে।শ্রমিকদের অভিযোগ, বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে তাঁরা ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। চাকরির কোনো নিশ্চয়তা বা চাকরি শেষে কোনো ধরনের সুযোগ-সুবিধার বিষয় নেই। বর্তমানে শ্রমিকদের দাবি, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প কর্তৃপক্ষ তাঁদের স্থায়ীভাবে নিয়োগ দেবে। সেই সঙ্গে বকেয়া বেতন পরিশোধেরও দাবি তাঁদের।মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প কর্মচারী-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের দাবি, আল্টিমেটাম দেওয়ার পর কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বৈঠক করেনি। এ অবস্থায় শ্রমিকেরা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।শ্রমিকদের ধর্মঘটে যাওয়ার কথা স্বীকার করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফারুক হোসেন।