দিনাজপুরে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, আহত ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর দিনাজপুর সরকারি কলেজে গতকাল মঙ্গলবার রাতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য ও ২০ জন ছাত্র আহত হয়েছেন। তবে শিক্ষকেরা ধারণা করছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকালের ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার জরে ধরে এ সংঘর্ষ ঘটে থাকতে পারে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম ইকবাল প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাত ১১টার দিকে কলেজ ক্যাম্পাসের পশ্চিম প্রান্তে অজয় ছাত্রাবাসের ছাত্রলীগের কর্মীদের সঙ্গে ক্যাম্পাসসংলগ্ন বেসরকারি হিমু ছাত্রাবাসের শিবিরের কর্মীদের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে পুলিশ ও ছাত্রসহ প্রায় ২৪ জন আহত হন।সংঘর্ষে আহত দিনাজপুর কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম জানান, রাত ১১টার দিকে ক্যাম্পাসের বাইরের শিবিরনিয়ন্ত্রিত হিমু ছাত্রাবাস থেকে কমপক্ষে ৫০ জন সশস্ত্র শিবিরের ক্যাডার হাঁসুয়া, চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি হাতে ক্যাম্পাসের ভেতরে অজয় ছাত্রাবাসে হামলা চালান। এতে তিনি ও ছাত্রলীগ শহর শাখার যুগ্ম আহ্বায়ক রায়হান হান্নান, শামীম, আশরাফ, রতনসহ সাতজন আহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ সাধারণ ছাত্ররা শিবিরের ছাত্রাবাসে হামলা চালান বলে জানান তিনি।ছাত্রশিবিরের শহর শাখার সাধারণ সম্পাদক মো. আবদুল কাইয়ুম অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে বিনা উসকানিতে ছাত্রলীগের কর্মীরাই প্রথমে হামলা চালান। তাঁরা হিমু ছাত্রাবাসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। এতে পুরো ছাত্রাবাস পুড়ে যায়। এ সময় ছাত্রলীগের কর্মীদের হাতে নাজমুল, মোকাররম হোসেন, আবু বক্কর সিদ্দিক, মামুন ও আতাউল্লাহসহ ২৫ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল জানান, খবর পেয়ে রাতেই পুলিশ সুপার মো. ময়নুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হামিদুল ইসলামসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। কলেজ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তবে ছাত্রশিবিরের দাবি, তাদের ছয়জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।পরিস্থিতি শান্ত করতে গিয়ে ছাত্রলীগের কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এ ছাড়া তাঁরা বিশ্ববিদ্যালয়ের দুটি বাস ও উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালিয়েছেন।