দিনাজপুরে গত বৃহস্পতিবার ১৪ কোটি টাকার কাজের দরপত্র জমা দেওয়ার সময় ঠিকাদারদের ওপর হামলা ও দরপত্র ছিনতাইয়ের ঘটনায় গত শুক্রবার রাতে দ্রুত বিচার আইনে মামলা করেছে পুলিশ। মামলায় আসামি করা হয়েছে ওই ঘটনায় আটক ছয় সন্ত্রাসীসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১৫০ জনকে। এদিকে দিনাজপুরের প্রথম সারির কয়েকজন ঠিকাদার অভিযোগ করেছেন, ওই ঘটনার জন্য জেলা আওয়ামী লীগের দুই নেতা ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীও দায়ী।অন্যদিকে, পঞ্চগড়ে গত বৃহস্পতিবার দরপত্র দাখিল নিয়ে ছাত্রলীগ-যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগের নেতা ফারুক হোসেন নিহত হওয়ার পর দলীয় শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবলীগের স্থানীয় ছয়জন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।মামলা: দিনাজপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসান শামীম গতকাল শনিবার জানান, হামলা ও দরপত্র ছিনতাইয়ের ঘটনায় গত শুক্রবার রাতে কোতোয়ালি থানায় মামলা করেছেন থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসপি) নজরুল ইসলাম। শুক্রবার রাতে আটক রিপন, মুরাদ, আজমল, আলাল, সুমন, সাজুর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।ঠিকাদারদের অভিযোগ: দরপত্র জমা নিয়ে ঠিকাদারদের ওপর হামলা ও দরপত্র ছিনতাইয়ের ঘটনায় জেলা আওয়ামী লীগের দুই নেতা এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে দায়ী করেছেন জেলার প্রথম সারির কয়েকজন ঠিকাদার।ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রফিক এন্টারপ্রাইজের মালিক এবং দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভূমি প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মির্জা আশফাক এবং জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আতাউর রহমান আজাদের স্বার্থসংশ্লিষ্ট দ্বন্দ্বের কারণে ওই ঘটনা ঘটেছে।রফিকুল ইসলাম আরও বলেন, যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ১৪ কোটি টাকার ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন আশফাক। আর তা প্রতিহত করতে গিয়েই আতাউর রহমান আজাদ ও তাঁর সমর্থকদের সঙ্গে আশফাকের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের জের ধরেই বৃহস্পতিবারের ঘটনা ঘটে।ঠিকাদারি কাজের এই ভাগবাটোয়ারার সঙ্গে দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজিবর রহমানও জড়িত বলে অভিযোগ করেন ঠিকাদার রফিকুল ইসলাম। তিনি বলেন, নিয়ম অনুযায়ী যেসব স্থানে দরপত্র বিক্রি হবে, সেসব স্থানে দরপত্র জমা দেওয়া যাবে। কিন্তু প্রকৌশলী নজিবর রহমান শুধু দিনাজপুরকেই দরপত্র জমা দেওয়ার স্থান হিসেবে নির্ধারণ করেছেন। একটি বিশেষ পক্ষকে কাজ পাইয়ে দিতে তিনি এ কাজ করেন।রফিকুল ইসলামের মতো একই অভিযোগ করেন প্রথম শ্রেণীর ঠিকাদার সুলতান কামাল উদ্দিন। তিনি বলেন, দিনাজপুরে সব সময় ক্ষমতাসীন দলের টেন্ডারবাজরা কিছু ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়।নাম প্রকাশে অনিচ্ছুক জেলার আরও অন্তত ১০ জন প্রথম শ্রেণীর ঠিকাদার অভিযোগ করেছেন, টেন্ডারবাজি নিয়ে আওয়ামী লীগের দুই নেতার দ্বন্দ্বের কারণেই বৃহস্পতিবারের ঘটনা ঘটেছে।আওয়ামী লীগের নেতা আতাউর রহমান ও মির্জা আশফাক তাঁদের বিরুদ্ধে সাবেক চেম্বার সভাপতি রফিকুল ইসলামের আনীত অভিযোগ অস্বীকার করেছেন।প্রকৌশলী নজিবর রহমানও দাবি করেছেন, ঠিকাদারদের অভিযোগ ঠিক নয়। নিয়ম অনুযায়ী দরপত্র বিক্রি ও জমা দেওয়ার স্থান নির্ধারণ করেছিলেন বলে তিনি জানান।ভূমি প্রতিমন্ত্রী দুষলেন সাংবাদিকদের: এদিকে ঠিকাদারদের ওপর হামলা ও দরপত্র ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন জাতীয় দৈনিকসহ সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে ‘মিথ্যা’ অভিহিত করেছেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। গতকাল শনিবার দুপুরে শহরের বাহাদুর বাজার এলাকায় একটি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, টেন্ডারবাজির খবরটি বানানো। সাংবাদিকেরা বেতন পান না। তাঁরা ঠিকাদারি কাজে টাকার ভাগ না পেয়ে ওই সব খবর পরিবেশন করেছেন।একই সঙ্গে ঘটনার সঙ্গে তাঁর এপিএস মির্জা আশফাক জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, ‘আশফাক জড়িত প্রমাণ করতে পারলে আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করব।’পঞ্চগড়ে যুবলীগের ছয়জন নেতা বহিষ্কৃত: পঞ্চগড়ে গত বৃহস্পতিবার দরপত্র দাখিল নিয়ে ছাত্রলীগ-যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগের নেতা ফারুক হোসেন নিহত হওয়ার পর দলীয় শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবলীগের ছয়জন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মেরাজ হোসেন ও সদস্য মোহাম্মদ লাবু এবং শহর যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুর ইসলাম এবং সহসভাপতি হযরত আলী। যুবলীগের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক ফজলুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে গতকাল এ কথা জানানো হয়।এদিকে ছাত্রলীগের নেতা ফারুক হোসেন নিহত হওয়ার মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়েছেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু তোয়াবুর রহমান। গতকাল শনিবার পৃথক বিবৃতিতে তাঁরা বলেছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে মামলায় তাঁদের আসামি করা হয়েছে।