এক ঘণ্টার লিখিত পরীক্ষা, শিক্ষার্থীদের নানা বুদ্ধিদীপ্ত প্রশ্ন, শিক্ষকদের প্রাণবন্ত জবাব আর অতিথিদের প্রেরণামূলক বক্তব্যের মধ্য দিয়ে গত শুক্রবার দিনাজপুরে অনুষ্ঠিত হলো জমজমাট পদার্থবিজ্ঞান উৎসব। দিনাজপুর সায়েন্স একাডেমির আয়োজনে দিনাজপুর জিলা স্কুলে ওই উৎসব অনুষ্ঠিত হয়।বিকেল চারটায় দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।উৎসবে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুরের জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ বলেন, দেশ ও জাতির উন্নয়নে বিজ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। বিজ্ঞানের জটিল বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে সহজ করে জানার এবং ভাবার সুযোগ করে দিতে প্রথম আলোর উদ্যোগে গণিত ও ভাষা প্রতিযোগিতার মতো দেশে প্রথমবারের মতো পদার্থবিজ্ঞান উৎসব আয়োজন করায় তিনি দিনাজপুর সায়েন্স একাডেমির প্রতি ধন্যবাদ জানান। সেই সঙ্গে ভবিষ্যতে সায়েন্স একাডেমি পদার্থবিজ্ঞানের মতো রসায়ন, জীববিজ্ঞান এবং উদ্ভিদবিজ্ঞান উৎসবের আয়োজন করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দেন তিনি। দিনাজপুর সায়েন্স একাডেমির সহসভাপতি ও পদার্থবিজ্ঞান উৎসবের সমন্বয়কারী জিয়াউল হক জানান, উৎসবে গত শুক্রবার বিকেল পৌনে চারটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত ৫০টি প্রশ্নের এক ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জুনিয়র (ষষ্ঠ-অষ্টম), মাধ্যমিক (নবম-দশম) ও উচ্চমাধ্যমিক (একাদশ-দ্বাদশ)—উৎসবে এ তিনটি গ্রুপে মোট ৭২০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে বিকেল সাড়ে পাঁচটায় স্কুল মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জমজমাট প্রশ্নোত্তর পর্ব। টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুলের ও লেভেল পরীক্ষার্থী তন্ময় বসাক বলল, ‘আমরা জানি শূন্য ডিগ্রি তাপমাত্রায় পানি বরফে রূপান্তরিত হয়। জমাট বেঁধে পানি কঠিন পদার্থের রূপ ধারণ করে। অথচ বিজ্ঞান পড়ে আমরা জানতে পারি, বরফ অবস্থায় পানির আয়তন বেড়ে যায় কীভাবে?’ দিনাজপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র উত্তমের প্রশ্ন ছিল, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হয় কী করে? এটা অসংজ্ঞায়িত হওয়ার কথা। তা-ই যদি হয়, তবে পৃথিবীর কেন্দ্রে সরল দোলকের দোলনকাল অসীম, নাকি অসংজ্ঞায়িত?দুই ঘণ্টা ধরে চলা প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের নানা বুদ্ধিদীপ্ত প্রশ্নের উত্তর দেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার, দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি অধ্যাপক মো. আবদুস সালাম, সহকারী অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন, সেতাবগঞ্জ ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহাদাৎ হোসেন, দিনাজপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক বিশ্বজিৎ দাস ও স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জিয়াউল হক। এক মিনিট পর্বে বক্তব্য দেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান বিধান চন্দ্র হালদার, দিনাজপুর পরমাণু ও আলট্রা সাউন্ড কেন্দ্রের পরিচালক বি কে বোস, দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. আবদুস সালাম ও জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। উৎসবে অংশ নেওয়া তিনটি বিভাগে ৪৫ জন বিজয়ীকে বিজ্ঞান ও গণিতভিত্তিক বই এবং সনদ দেওয়া হয়।আসাদুলাহ্ সরকার