দিনাজপুরে পরিবহন ধর্মঘট
দিনাজপুরে বেতন ও খোরাকি বৃদ্ধি এবং নিয়োগপত্রের দাবিতে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে আজ বুধবার ভোর ছয়টা থেকে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে দিনাজপুরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক ও সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী প্রথম আলো ডটকমকে বলেন, ১৯৯১ সালে দিনাজপুরের মোটর মালিকদের সঙ্গে করা চুক্তি অনুযায়ী চালক ও শ্রমিকেরা মাসে ৪০০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ২০০ টাকা বেতন পান। চালক, হেলপার, সুপারভাইজারসহ একটি গাড়ির চারজন কর্মচারী প্রতিদিন মোট খোরাকি পায় ১২০ টাকা। এই বেতন-ভাতায় একজন শ্রমিকের কোনোভাবেই চলতে পারে না। এ ছাড়া কোনো শ্রমিকের নিয়োগপত্র নেই।এই দুই শ্রমিকনেতা জানান, নিয়োগপত্র দেওয়া এবং বেতন ও খোরাকি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের পক্ষ থেকে একাধিকবার মালিকপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া রংপুর বিভাগীয় কমিশনারের সঙ্গে তাদের দুই দফা চুক্তি হয়েছে। এখনো চুক্তি কার্যকর হয়নি।এরই পরিপ্রেক্ষিতে ৮ জানুয়ারি দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভায় আজকের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ ২৩ জানুয়ারি ভোর ছয়টা থেকে আগামীকাল ২৪ জানুয়ারি ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টা দিনাজপুর জেলায় এ ধর্মঘট চলবে। শ্রমিকনেতারা জানান, ধর্মঘটের কারণে বাস, ট্রাক, ট্যাংকলরি, মিনিবাস, মাইক্রোবাস চলাচল বন্ধ রয়েছে।দিনাজপুর মোটর মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা প্রথম আলো ডটকমকে বলেন, ‘হঠাত্ করে এই ধর্মঘট ডাকা ঠিক হয়নি। নিয়োগপত্র তৈরি আছে, আনুষ্ঠানিকভাবে তা তাদের কাছে হস্তান্তরের কথা রয়েছে। কিন্তু জেলা প্রশাসক ও পুলিশ সুপার সময় দিতে না পারায় নিয়োগপত্র এখনো দেওয়া যায়নি—এ বিষয়টি শ্রমিকেরা জানেন।’শ্রমিকদের মাসিক বেতন ও দৈনিক খোরাকি বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই—এমন মন্তব্য করে ভবানী শংকর আগরওয়ালা বলেন, ‘আমরা গাড়ির মালিক হতে পারি। কিন্তু ৩০ লাখ টাকা দামের একটি বাস সারা দিন রাস্তায় চলে যে আয় হয়, তা থেকে একজন মালিক যা পায়, একজন শ্রমিক এ থেকে বেশি টাকা নিয়ে যায়।’