দিনাজপুরে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পাসের হার ৬৬ দশমিক ১৮ শতাংশ। গত বছরের চেয়ে এ হার ১ দশমিক ৩৭ শতাংশ কম। তবে গত বছরের চেয়ে এবার ৪৪৬ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাসের হার ১ দশমিক ২৩ শতাংশ বেশি হলেও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে। পরীক্ষায় অংশগ্রহণকারীর সবাই জিপিএ-৫ পাওয়ায় রংপুর ক্যাডেট কলেজ দিনাজপুর বোর্ডের সেরা কলেজের মর্যাদা লাভ করেছে। মোট ছয়টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। একজনও পাস করতে পারেনি এমন কলেজের সংখ্যা সাতটি। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফল: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৪৮৪টি কলেজ থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৫ হাজার ৪৫৭ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৩ হাজার ৫৬৮ জন। ছাত্রী ৩৬ হাজার ১৫৮ জন এবং ছাত্র ৩৭ হাজার ৪১০ জন। মোট পাস করেছে ৪৮ হাজার ৬৮৫ জন। পাসের হার ৬৬ দশমিক ১৮ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৮০ এবং ছাত্রদের হার ৬৫ দশমিক ৫৭ জন। মোট জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৬০ জন। এর মধ্যে এক হাজার ২৭০ জন ছেলে এবং ৯৯০ জন মেয়ে। মোট ২৩৫টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে।