দিনাজপুরে পাসের হার ৮৪.৮৮ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৫৩৫ জন শিক্ষার্থী। এই বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৮৮ শতাংশ। ২০১১ সালে পাসের হার ছিল ৮৪ দশমিক ৩৫ শতাংশ। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ২০১২ সালে দিনাজপুর বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় তিন হাজার ২৮টি স্কুল থেকে এক লাখ ৭৭ হাজার ২৩৭ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৭৩ হাজার ৭৬৮ জন। ২০৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এক লাখ ৪৭ হাজার ৫০৫ জন। ছাত্রদের পাসের হার ৮৫ দশমিক ৪১ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৩৭। জিপিএ-৫ পাওয়া চার হাজার ৫৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র দুই হাজার ৪২৭ জন এবং ছাত্রী দুই হাজার ১০৭ জন। দিনাজপুর বোর্ডে রংপুর ক্যাডেট কলেজ সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে। এই স্কুল থেকে অংশ নেওয়া ৫৪ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকী রেসিডেনশিয়াল মডেল স্কুল জেলায় শ্রেষ্ঠ ও বোর্ডে তৃতীয় সেরা স্কুলের গৌরব অক্ষুণ্ন রেখেছে। স্কুলটি থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৯০ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন।