দিনাজপুরে বাস খাদে পড়ে নিহত ১, আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাটে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাইক্রোবাস খাদে পড়ে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন। দুর্ঘটনায় বিডিআরর সেক্টরের উপঅধিনায়ক লে. কর্নেল জামানের মা জাহানারা বেগম (৬৫) নিহত হন। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন বিডিআর কর্মকর্তার বাবা মো. আহসান উদ্দীন (৭০), ছোট বোন শামীমা মমতাজ (২৭) ও মাইক্রোবাস চালক মিজানুর রহমান (৩২)।দুর্ঘটনায় আরও ছয়জন বিডিআর কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা আহত হন। তাঁদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বলেছেন, আজ বিডিআর সেক্টরের উপঅধিনায়ক লে. কর্নেল জামান তাঁর গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে ঈদ উদ্যাপনের পর পরিবার নিয়ে মাইক্রোবাসে ঢাকার উদ্দেশে রওনা হন। কবিরাজহাটে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বিডিআর কর্মকর্তা লে. কর্নেল জামানের মা জাহানারা বেগম নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে। বাসস।