দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিরামপুর-ঘোড়াঘাট সড়কে বাজিতপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন চালক নিহত ও আটজন আহত হয়েছেন। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বাজিতপুরে আজ ভোর ছয়টার দিকে দিনাজপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের দুই চালক নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন হানিফ এন্টারপ্রাইজের চালক আবুল কাশেম (৪০) এবং ট্রাকের চালক আবদুর রাজ্জাক (৩৮)। আহত আটজনকে স্থানীয় কেএইচএম মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।