দিনাজপুরে বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ, সংঘর্ষ
বিদ্যুতের দাবিতে আজ শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কয়েক হাজার গ্রামবাসী দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়। এতে পুলিশের ১০ জন সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। আহত ব্যক্তিদের ঠাকুরগাঁও ও বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে অবরোধের ছবি তুলতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন দুজন সাংবাদিক।দুপুর ১২টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর বিকেল পৌনে পাঁচটার সময় এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হলে জনতা অবরোধ তুলে নেয়। বিকেল পাঁচটা থেকে মহাসড়কে আবার যান চলাচল শুরু হয় বলে জানান উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. বদিউজ্জামান।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল, বড় বটতলী, ছোট বটতলী ও কবিরাজহাট এলাকার বাসিন্দারা দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় গাছ কেটে, টায়ারে আগুন জ্বালিয়ে লাঠিসোঁটা হাতে অবস্থান নেয়। দুপুরে জুমার নামাজের আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ সরিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ বেধে যায়। নামাজ শেষে মুসল্লিরা বের হয়ে পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশকে ধাওয়া করে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের ছোট বটতলী ও কবিরাজহাট এলাকায় অবরুদ্ধ করে ফেলে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কমপক্ষে তিনটি কাঁদানে গ্যাসের শেল ও কয়েকটি রাবার বুলেট ছোড়ে। বিকেল চারটায় দিনাজপুর থেকে এক ট্রাক দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা সেখানে গিয়ে অবরোধদশা থেকে পুলিশ সদস্যদের উদ্ধার করেন।দিনাজপুর পুলিশের বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খায়রুল আলম বলেন, ‘অবরোধ এতটাই স্বতঃস্ফূর্ত ছিল যে আলোচনার জন্য পুলিশ অবরোধকারীদের মধ্যে নেতৃস্থানীয় কাউকে খুঁজে পায়নি।’পঁচিশ মাইল এলাকার সার ব্যবসায়ী আবদুল খালেক জানান, ১১ আগস্ট বীরগঞ্জ পৌর এলাকার মানুষ বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে। এর পর থেকে পৌর এলাকার মানুষ বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে। কিন্তু পৌর এলাকায় বিদ্যুৎ দিতে গিয়ে গ্রামের মানুষের জন্য যে চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ছিল, তিন দিন ধরে তাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ অবস্থায় বিদ্যুতের দাবিতে গ্রামের মানুষ বাধ্য হয় রাস্তায় নামতে।রাবার বুলেট ছোড়ার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান বলেন, পুলিশ বিভিন্ন স্থানে ভাগ ভাগ হয়ে ছিল। কাজেই কোন স্পটে কতটি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে, হিসাব না করে তা বলা সম্ভব নয়।অবরোধের ছুবি তুলতে এবং জনতার সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত হন যায়যায়দিন-এর বীরগঞ্জ প্রতিনিধি মো. আবদুর রাজ্জাক এবং ডেসটিনির বীরগঞ্জ প্রতিনিধি মো. মাহবুবুর রহমান। পুলিশ মাহবুবুর রহমানের ডিজিটাল ক্যামেরা ছিনিয়ে নিয়ে ছবি মুছে ফেলে ফেরত দেয়। সেই সঙ্গে লাঠি ও বুট দিয়ে তাঁদের মোটরসাইকেল ভাঙার চেষ্টা করে।