দিনাজপুরে বোমাতঙ্কে সারা দিন ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের সেতাবগঞ্জ রেলস্টেশনের ২৫০ মিটার পশ্চিমে রেললাইনের নিচ থেকে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাক্সে মোড়ানো বোমাসৃদশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।এর আগে বোমাতঙ্কের কারণে গতকাল সকাল আটটা থেকে দিনাজপুরের সঙ্গে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। বস্তুটি অপসারণের পর রাত সাড়ে আটটার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ ওই পথে আবার ট্রেন চলাচল শুরু করে।সন্ধ্যা সোয়া সাতটার দিকে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞরা বস্তুটি খুলে ভেতর থেকে বের করেন দুটি চার্জার, দুটি ক্যাপাসিটর, দুটি সার্কিট ও কিছু তার।দিনাজপুরের সহকারী পুলিশ সুপার এ টি এম শাহীন আহমেদ রাতে প্রথম আলোকে বলেন, বস্তুটি খোলার আগে এটি বোমা বলে সবাই ধারণা করেছিল। পরে নিশ্চিত হওয়া গেছে, এটি বোমা নয়।রেলওয়ে কর্তৃপক্ষের ভাষ্যমতে, সেতাবগঞ্জ স্টেশনের কাছে রেললাইনের নিচে বোমা পুঁতে রাখা হয়েছে, স্থানীয় একজন কাঠমিস্ত্রির কাছ থেকে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে সতর্কতা হিসেবে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বিষয়টি বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়।সেতাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. শওকত আলী প্রথম আলোকে জানান, সকাল আটটার দিকে গেটম্যান আনোয়ার হোসেনের মাধ্যমে খবর পেয়ে তিনি স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। স্টেশন থেকে প্রায় ২৫০ মিটার পশ্চিমে সুয়া নদী সেতুর কাছে রেললাইনের সঙ্গে লাগানো একটি বাক্স দেখে তিনি তা বোমা হিসেবে সন্দেহ করেন। তিনি বলেন, যখন তাঁরা ঘটনাস্থলে পৌঁছান, ঠিক ওই সময়েই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের সেতাবগঞ্জ স্টেশনে পৌঁছানোর কথা ছিল। তিনি ট্রেনটির পরিচালক মলয় কুমারের সঙ্গে মুঠোফোনে কথা বলে ট্রেনটি থামতে বলেন। কিন্তু ততক্ষণে ট্রেনটি ওই স্থানের কাছাকাছি চলে আসে। ট্রেনের চালক মোহাম্মদ আলী জিন্নাহ মাত্র ৫০ গজ আগে ট্রেনটি থামাতে সক্ষম হন। প্রত্যক্ষদর্শী সেতাবগঞ্জ রেলস্টেশনের পশ্চিম ঘুমটি এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি মনসুর আলী (২৮) জানান, সুয়া নদীতে মাছ ধরতে যাওয়ার পথে রেললাইনের নিচে বসানো একটি বাক্স দেখতে পান। কাছে গিয়ে দেখেন, প্রায় দেড় ফুট লম্বা এবং সমান চওড়া আয়তনের বাক্সটি একটি চিকন লোহার শিকল দিয়ে রেললাইনের সঙ্গে বাঁধা। আর বাক্সটির ভেতর থেকে একটি বৈদ্যুতিক তার বের করে লাইনের ওপরে ফেলে রাখা আছে। এটি বোমা সন্দেহ করে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী গেটম্যান আনোয়ার হোসেনকে জানান তিনি। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুন নূর জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাহারা বসানো হয় এবং জেলা পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়। দিনাজপুরের পুলিশ সুপার মো. ময়নুল হোসেন বলেন, ঘটনা জানার পর তিনি রংপুর সেনানিবাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। বিকেল চারটার দিকে সেনানিবাস থেকে ক্যাপ্টেন পূর্ণিমার নেতৃত্বে নয় সদস্যের একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল সেতাবগঞ্জে পৌঁছায়। বিকেলে রংপুর সেনানিবাসের সেনাসদস্যরা এসে ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে এক মাইল পিছিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। এরপর সেনাবাহিনীর বিস্ফোরক দলের সদস্যরা বিকাল পাঁচটা ৩০ মিনিটে রেললাইনের নিচ থেকে বাক্সটি অপসারণ করেন।