দিনাজপুরে বোর্ডের চেয়ারম্যানকে অবরুদ্ধ করে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তসলিমা আখতারকে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ১০ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন কর্মচারীরা। ঘুষের বিনিময়ে নতুন করে ২৩ জন কর্মচারী নিয়োগের অভিযোগ তুলে তাঁরা চেয়ারম্যানকে অবরুদ্ধ করেন।দৈনিক হাজিরার ভিত্তিতে (মাস্টার রোল) নিয়োগ পাওয়া ১০৯ জন কর্মচারী এ সময় চাকরি স্থায়ীকরণ ও নতুন নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা বোর্ডের চেয়ারম্যানের দিকে কাগজপত্র ছুড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বোর্ড কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়।চেয়ারম্যান তসলিমা আখতার ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, কয়েকজন মন্ত্রী ও সাংসদের চাপের মুখে তিনি ২৩ জনকে কর্মচারী হিসেবে নিয়োগ দিতে বাধ্য হয়েছেন।বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করে বলেন, গতকাল সকাল সাতটার দিকে চেয়ারম্যান ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে কর্মস্থলে আসেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি ২৩ জন কর্মচারীর নিয়োগপত্রে সই করেন। খবর পেয়ে বোর্ডের পুরোনো কর্মচারীরা ছুটে আসেন। তাঁরা নতুন নিয়োগ বাতিলের দাবি জানান। চেয়ারম্যান তাঁদের দাবি প্রত্যাখ্যান করলে কর্মচারীরা বোর্ডের সব কক্ষে তালা ঝুলিয়ে দেন। একপর্যায়ে তাঁরা তিনতলা বোর্ড ভবনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।দিনাজপুর বোর্ডের সচিব আবদুল মজিদ ও উপসচিব আবু হেনা মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, সকাল আটটার দিকে চেয়ারম্যান মুঠোফোনে কল করে তাঁদের জরুরি ভিত্তিতে অফিসে আসতে বলেন। তাঁরা অফিসে এসে কর্মচারীদের কাছে পুরো ঘটনা জানতে পারেন।দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ আলম প্রথম আলোকে বলেন, দিনাজপুর বোর্ড প্রতিষ্ঠার পর কর্তৃপক্ষ মাস্টার রোলে ১০৯ জন কর্মচারী নিয়োগ দেয়। চাকরির শর্ত অনুযায়ী দক্ষতা বিবেচনা করে তাঁদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কথা।কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি হুমায়ুন কবির অভিযোগ করেন, তসলিমা আখতারের কাছে কর্মচারীরা বারবার তাঁদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু চেয়ারম্যান তাঁদের দাবি উপেক্ষা করে মোটা অঙ্কের ঘুষ নিয়ে ২৩ জনকে কর্মচারী হিসেবে নিয়োগ দেন। গতকাল সকাল সাতটায় তিনি বোর্ডের কার্যালয়ে এসে তড়িঘড়ি নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করেন।কর্মচারীরা বলছেন, তাঁদের চাকরি স্থায়ীকরণ না করা পর্যন্ত নতুন কোনো নিয়োগ মেনে নেওয়া হবে না। ২৩ জনের নিয়োগ বাতিল না করা পর্যন্ত আগামী রোববার তাঁরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করবেন। প্রয়োজনে আমরণ অনশন করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন কর্মচারীরা।দুপুর ১২টার দিকে বোর্ডের চেয়ারম্যানের কক্ষে চেয়ারম্যান ছাড়াও বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব, উপসচিবসহ কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে নতুন নিয়োগ পাওয়া পাঁচজনের নাম উল্লেখ করে কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ আলম বলেন, ‘নিয়োগ পেতে এঁরা সবাই তিন লাখ টাকা করে দিয়েছেন। এর প্রমাণ আমাদের কাছে আছে।’ এ সময় বোর্ডের চেয়ারম্যান চ্যালেঞ্জ করলে কর্মচারীরা তাৎক্ষণিকভাবে ওই পাঁচজনকে হাজির করার অনুমতি চান। কিন্তু চেয়ারম্যান তসলিমা আখতার তাঁদের অনুমতি দেননি। এ সময় কর্মচারীরা সবার সামনে অভিযোগ করেন, ২৩ জনকে নিয়োগের বিনিময়ে চেয়ারম্যান ২৫ লাখ টাকা নিয়েছেন।সবার সামনে কর্মচারীরা আরও অভিযোগ করেন, ২০০৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ব্যবহারিক খাতা বোর্ডের গুদাম থেকে চেয়ারম্যান গোপনে ৫৩ হাজার টাকায় বিক্রি করে অর্থ আত্মসাৎ করেন।তসলিমা আখতার খাতা বিক্রিসহ সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, কয়েকজন মন্ত্রী ও সাংসদের চাপে তিনি ২৩ জনকে নিয়োগ দিতে বাধ্য হয়েছেন। চেয়ারম্যানের এ বক্তব্যের পর এক কর্মচারী প্রশ্ন করেন, সুপারিশ তো শত শতজনের পক্ষে এসেছে, কিন্তু আপনি কেন ওই ২৩ জনকে নিয়োগ দিলেন? এ সময় চেয়ারম্যান দৃঢ়কণ্ঠে বলেন, ওই ২৩ জন ছাড়া মন্ত্রী-সাংসদেরা আর কারও জন্য সুপারিশ করেননি। এ সময় কয়েকজন কর্মচারী চেয়ারম্যানের আসনের পেছনের আলমারি খুলে বিভিন্ন ব্যক্তির সুপারিশসহ চাকরিপ্রার্থীদের বেশ কিছু আবেদনপত্র বের করে চেয়ারম্যানের দিকে ছুড়ে মারেন।ঘটনা জানাজানি হলে দুপুর ১২টায় সংরক্ষিত আসনের সাবেক সাংসদ ভারতী নন্দী সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মোমিন সরকার ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান দিনাজপুর বোর্ডে আসেন। তাঁরা চেয়ারম্যানসহ বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য শোনেন। পরিস্থিতি সামাল দিতে নেতারা নতুন ২৩ জনের নিয়োগ স্থগিত করতে চেয়ারম্যানকে অনুরোধ জানান। কিন্তু চেয়ারম্যান সাফ জানিয়ে দেন, নিয়োগ স্থগিত করা যাবে না।পুরোনো কর্মচারীদের চাকরি স্থায়ী না করে নতুনভাবে ২৩ জনকে নিয়োগের কারণ সম্পর্কে বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, তাঁদের চাকরি স্থায়ীকরণের জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও সাংসদের কাছে বহু তদবির করেছেন; কিন্তু তাঁরা সবাই বলেছেন, ‘আমাদের সুপারিশ করা লোক নিয়োগ করেন। তারপর সবার চাকরি স্থায়ীকরণের বিষয়টি দেখা হবে।’জানা যায়, গতকাল বিকেলে প্রশাসন ও পুলিশের লোকজন কর্মচারীদের বুঝিয়ে শান্ত করেন। এরপর সন্ধ্যা ছয়টার দিকে বোর্ডের চেয়ারম্যান পুলিশি প্রহরায় তাঁর কার্যালয় থেকে বের হয়ে যান।