দিনাজপুরে রাস্তায় পচা আলু ফেলে ক্ষতিপূরণের দাবি
হিমাগারে পচে যাওয়া আলুর ক্ষতি পূরণ করার দাবিতে প্রায় দুই হাজার আলুচাষি ও ব্যবসায়ী দিনাজপুর সদর উপজেলার মুজাহিদপুর এলাকায় গতকাল শনিবার বিক্ষোভ করেছেন। তাঁরা হিমাগারের সামনের সড়কে পচা আলু ফেলে সেখানে দুপুর ১২টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা অবস্থান নেন। বিক্ষোভের মুখে হিমাগারের মালিক ও নির্বাহী পরিচালক মির্জা আশফাক হিমাগারের ভেতর আটকা পড়েন। ক্ষতিপূরণের দাবিতে তাঁরা এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন।এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসান জানান, ক্ষতিপূরণে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকেল পাঁচটার দিকে বিক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ীরা অবরোধ তুলে নেয়। যানবাহান চলাচল স্বাভাবিক হয়ে আসে।জানতে চাইলে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ধনঞ্জয় কুমার দাস প্রথম আলোকে বলেন, আলুর পচনের ঘটনা তদন্তে উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটি ক্ষতি নির্ধারণ করে জেলা প্রশাসকের কাছে জমা দেবেন। হিমাগার কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে সম্মত না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এর আগে দুপুরে ভূমি প্রতিমন্ত্রীর একান্ত সচিব (এপিএস) মির্জা আশফাকের উত্তরা হিমঘরে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যবসায়ীরা পচা আলুর বস্তা ফেলে, আলু ছড়িয়ে দিনাজপুর-দশমাইল সড়ক অবরোধ করে রেখেছেন। রাস্তার উভয় দিকে আটকা পড়েছে শত শত যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন রয়েছে শতাধিক পুলিশ। হিমাগারের ভেতর গিয়ে দেখা যায়, প্রায় ৩০ হাজার বস্তা দুর্গন্ধযুক্ত আলু হিমাগারের সামনের মাঠে খোলা আকাশের নিচে এবং দুটি অস্থায়ী ছাউনির নিচে রাখা আছে। পাশে মাঠে ও আমবাগানেও ছড়িয়ে আছে শত শত বস্তা আলু।বিক্ষুব্ধ আলুচাষি ও ব্যবসায়ীরা জানান, হিমাগারে মির্জা আশফাক আসার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যবসায়ীরা সেখানে উপস্থিত হন। বেলা ১১টার দিকে মির্জা আশফাক এসে দীর্ঘ সময় নিজের লোকজনের সঙ্গে কথা বলতে থাকেন। এতে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে পচা আলু ফেলে দিনাজপুর-দশমাইল সড়ক অবরোধ করেন। মাইক নিয়ে রাস্তায় মিছিল ও স্লোগান দিয়ে তাঁরা হিমাগারে রাখা ১৫ হাজার কৃষকের ৫৭ হাজার বস্তা আলুর পচনের ঘটনায় মির্জা আশফাককে দায়ী করে তাঁর বিচার দাবি করেন। দুপুর ১২টায় মির্জা আশফাক হিমাগার প্রাঙ্গণে কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা-বৈঠকে বসেন। কিন্তু ক্ষতিপূরণের বিষয়ে সমঝোতা না হওয়ায় বৈঠক ভেস্তে যায়। বিক্ষুব্ধ কৃষকেরা তাঁকে হিমাগারে অবরোধ করে রাখেন।বৈঠকের পর চেহেলগাজী চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, বৈঠকে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিপূরণ হিসেবে প্রতি বস্তা আলুর ন্যূনতম দাম ৮০০ থেকে এক হাজার ১০০ টাকা দাবি করেন। কিন্তু মির্জা আশফাক ৪৪০ থেকে ৭২০ টাকা দিতে চান।কৃষকেরা অভিযোগ করেন, হিমাগারটির ধারণক্ষমতা ৩৬ হাজার বস্তা। কিন্তু সেখানে রাখা হয়েছে ৫৭ হাজার বস্তা আলু। হিমাগারে বিকল্প বিদ্যুতের (জেনারেটর) ব্যবস্থা রাখা বাধ্যতামূলক হলেও তা অকেজো।এ ব্যাপারে মির্জা আশফাক প্রথম আলোকে জানান, হিমাগারে রাখা আলুর মধ্যে মাত্র পাঁচ থেকে সাত হাজার বস্তা আলু পচে গেছে। বাকি আলু ভালো আছে। তিনি পচে যাওয়া আলুর ক্ষতিপূরণ দিতে রাজি আছেন। সেই সঙ্গে বাকি ভালো আলু কৃষক ও ব্যবসায়ীদের নিয়ে যেতে বলেছেন। কিন্তু কৃষকেরা এতে রাজি হননি। বিদ্যুৎসংকটের কারণে আলু নষ্ট হয়ে গেছে বলে তিনি দাবি করেন।