দিনাজপুরে শিশু হত্যা, কোচিং সেন্টারের শিক্ষক গ্রেপ্তার
দিনাজপুর শহরের উপকণ্ঠে একটি কোচিং সেন্টারের শিক্ষকেরা নূর ইসলাম (৬) নামের একটি শিশুকে জবাই করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় মাথায় ইট দিয়ে আঘাত ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়েছে নূর ইসলামের ভাই নয়নকে (৭)। তাদের বাড়ি কাশিপুরের ভবাইনগরের ডাঙ্গাপাড়ায়।গত সোমবার রাতে বর্বরোচিত এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের কাশিপুর ভবাইনগরের কামিয়াব কোচিং সেন্টার। এ ঘটনায় জড়িত সন্দেহে জনতা কোচিং সেন্টারের শিক্ষক শাহীনুর ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ক্ষুব্ধ জনতা গতকাল মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনাজপুরের ফুলবাড়ী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।শিশু দুটির বাবা রিকশাচালক রশিদুল ইসলাম জানান, তাঁর দরিদ্র পরিবারে স্ত্রী নূরবানু বেগম ছাড়াও দুই ছেলে ও দেড় বছরের একটি মেয়ে আছে। বড় ছেলে নয়ন স্থানীয় কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী ও ছোট ছেলে নূর ইসলাম শিশুশ্রেণীতে পড়ত। তিনি জানান, সোমবার ইফতারের ঠিক আগে নিজ পাড়ার লাগোয়া মহাসড়কের কাছে কাশিপুর ব্র্যাক সেন্টারের পাশে একটি হোটেলে দুই ছেলেকে নিয়ে তিনি ইফতার করেন। ইফতার শেষে দুই ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর তিনি ওই হোটেলে চা-পান করেন। রশিদুল বলেন, চা-পানের আধা ঘণ্টার মধ্যে তাঁর স্ত্রী নূরবানু রক্তাক্ত অবস্থায় বড় ছেলে নয়নকে কোলে নিয়ে এসে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, ‘কোচিং সেন্টারের শিক্ষকেরা মোর ছাওয়ালোক মারি ফেলাইছে। ছাওয়ালোক বাঁচাও।’ রশিদুল জানান, এরপর তিনি ও তাজমুল নামের এক প্রতিবেশী রাত আটটার দিকে কামিয়াব কোচিং সেন্টারে যান। তিনি বলেন, এ সময় তাঁরা কোচিং সেন্টারের শিক্ষক শাহীনুর ইসলামকে রক্তমাখা পায়ে দক্ষিণ দিক থেকে দৌড়ে এসে প্রাচীর টপকে কোচিং সেন্টারে প্রবেশ করতে দেখেন। পরে তাঁরা গুরুতর অবস্থায় নয়নকে তাড়াহুড়া করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে ভোরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।রশিদুল জানান, রাত ১২টার দিকে নয়নের জ্ঞান ফিরে আসে। তখন সে জানায়, ইফতার করে বাড়িতে যাওয়ার সময় কামিয়াব কোচিং সেন্টারের শিক্ষক শাহীন ও আশরাফুল তাদের দুই ভাইকে ডাক দেন। শিক্ষকদের ডাকে তারা কোচিং সেন্টারে যায়। পরে শিক্ষকেরা তাদের কোচিং সেন্টারের দক্ষিণ দিকে ধানখেতের পাশে প্রাচীরঘেরা একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শাহীনুর, আশরাফুলসহ মোট চার ব্যক্তি তার চোখের সামনে নূর ইসলামকে জবাই করেন। এ দৃশ্য দেখে সে সেখান থেকে ছুটে পালাতে গেলে তাঁরা তার মাথায় ইট দিয়ে আঘাত করেন এবং ক্ষুর দিয়ে শরীরে আঁচড় দেন। এর পরও সে দৌড়ে পালিয়ে এসে বাড়িতে মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। নয়ন জানায়, দুষ্কৃতকারীরা নূর ইসলামকে হত্যা করে লাশ পাশের একটি পাকা চৌবাচ্চায় লুকিয়ে রাখে। গ্রামবাসী জানান, হাসপাতালে নয়নের বর্ণনামতো তাঁরা ঘটনাস্থল থেকে নূর ইসলামের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেন। স্থানীয় ব্যক্তিরা বলেন, এদিকে নয়নের আহত হওয়ার খবরে এলাকাবাসী সেখানে জড়ো হয়ে কোচিং সেন্টারটি ঘিরে ফেলেন এবং শাহীনুরকে আটক করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর ক্ষুব্ধ গ্রামবাসী রাতেই ওই কোচিং সেন্টারে আগুন ধরিয়ে দেন। তাঁরা গাছ কেটে রাস্তা অবরোধ করেন। সকাল হলে শত শত গ্রামবাসী এসে মহাসড়কে টায়ার ও কাঠ জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোল্লা হাসান মাহমুদ জানান, খবর পেয়ে কোচিং সেন্টারটি যে বাড়িতে অবস্থিত, সেই বাড়ির মালিক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হামে সামদে আজাদ ঘটনাস্থলে ছুটে এলে জনতা তাঁকে লাঞ্ছিত করে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ বলেন, বেলা তিনটার দিকে স্থানীয় কাশিপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে তিনি ছাড়াও পুলিশ সুপার মো. ময়নুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইমাম চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা শিশু দুটির পরিবার ও এলাকাবাসীর সঙ্গে সমঝোতা বৈঠক বসেন। বৈঠকে পরিবার ও গ্রামবাসীর দাবি অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা, তাঁদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়। এ ছাড়া আহত নয়নের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন জেলা প্রশাসক। দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম জেলা প্রশাসকের মাধ্যমে শিশু দুটির পরিবারকে এক লাখ টাকা এবং ইউএনও ১০ হাজার টাকা দেন। পরে বিকেল পৌনে ছয়টায় জনতা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।জানতে চাইলে কোতোয়ালি থানায় আটক কোচিং সেন্টারের শিক্ষক শাহীনুর ইসলাম সাংবাদিকদের জানান, নয়ন সম্প্রতি কোচিং সেন্টার থেকে একটি সাইকেল নিয়ে গিয়েছিল। পরে তা আর ফেরত দেয়নি। এই রাগে তিনি ইট দিয়ে নয়নের মাথায় আঘাত করেছেন। তবে নূর ইসলামকে কে খুন করেছে, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।পুলিশ সুপার মো. ময়নুল ইসলাম বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিছক সাইকেল নিয়ে না দেওয়ার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে—এমন মনে করার কোনো কারণ নেই। পুলিশ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইকবাল শামীম জানান, এ ঘটনায় রশিদুল ইসলাম বাদী হয়ে কোচিং সেন্টারের দুই শিক্ষক শাহীনুর ইসলাম ও আশরাফুল, নৈশপ্রহরী আফসার আলী এবং ওই বাড়ির মালিক ডা. হামে সামদে আজাদকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।গতকাল বিকেল পাঁচটার দিকে স্থানীয় কালিপুর ঈদগাহ মাঠে শিশু নূর ইসলামের জানাজা শেষে তার লাশ কাশিপুর গোরস্থানে দাফন করা হয়।