দিনাজপুরে শ্রেষ্ঠ আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল
‘আনন্দ ছিল, বিনোদন ছিল, ছিল প্রচণ্ড টেনশন। শিক্ষকেরা ভীষণ আদর আর কঠোর শাসনের মধ্যে রেখেছিলেন। সবকিছু মিলে একটা সুন্দর শৃঙ্খলার মধ্যে আমরা লেখাপড়া করেছি। আর এ কারণেই এবারে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৪৬ জনের মধ্যে ৩৯ জনই জিপিএ-৫ পেয়েছি।’ ১৬ মে রোববার দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের জিপিএ-৫ পাওয়া সীমা উল্লোসিত কণ্ঠে এ কথা জানায়।বিদ্যালয়ের সাফল্যের কারণ বর্ণনা করে শিক্ষার্থীরা জানায়, এখানকার পদ্ধতি এবং শিক্ষকদের জবাবদিহি তাদের বাধ্য করেছে কেবল মুখস্থ নয়, বিষয়ের গভীরে যেতে। নির্ভুলভাবে লিখতে। কৃতী আব্দুল্লাহ্ আল আহাদ জানায়, সে স্কুলের আবাসিক ছাত্র। হাউস টিউটরদের কঠোর অনুশাসনে সকাল ছয়টায় ঘুম থেকে উঠে সাড়ে ছয়টার মধ্যে পড়তে বসতে হতো। আবার সন্ধ্যার পর থেকে আধা ঘণ্টা খাবার বিরতি বাদে রাত ১১টা পর্যন্ত লেখাপড়া করা ছিল বাধ্যতামূলক।কল্পিতা রায় জানায়, পড়া করতেই হতো নির্দিষ্ট সময়ের মধ্যে। অন্যথায় যে শিক্ষকেরা এত আদর করেন, সেই শিক্ষকেরা শাসন করতে বিন্দুমাত্র দ্বিধা করেন না।কল্পিতা রায়ের বাবা চিরিরবন্দর উপজেলার ছোট হাশিমপুর আর এম উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার বলেন, আমেনা-বাকী শুধু চিরিরবন্দর উপজেলার নয়, জেলার মধ্যে সবচেয়ে ভালো স্কুল হিসেবে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। তাই একমাত্র সন্তান কল্পিতাকে নিজের স্কুলে না দিয়ে এ স্কুলে ভর্তি করেছিলেন। কল্পিতা ওই স্কুল থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় মেধাতালিকায় উপজেলার মধ্যে তৃতীয় হয়েছিল। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল বোর্ডের সেরা ২০টি স্কুলের তালিকায় তৃতীয় শীর্ষ স্কুলের মর্যাদা লাভ করেছে এবং জেলার শ্রেষ্ঠ স্কুল হিসেবে স্বীকৃতি লাভ করেছে।প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, দিনাজপুর শহর থেকে চিরিরবন্দরের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। ২০০০ সালে প্রতিষ্ঠিত এ স্কুলে ভর্তি হয় গ্রামের পিছিয়ে পড়া শিক্ষার্থীরা। নিয়মিত পরীক্ষা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম আর শিক্ষকদের নিবিড় তত্ত্ব্বাবধানে শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে সাহায্য করে। ২০০৭ সাল থেকে স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিচ্ছে। প্রতিবছরই শতভাগ শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে পাস করেছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. মোকাররম হোসেন বলেন, ‘বড় ভাই দেশের প্রখ্যাত অর্থপেডিক সার্জন অধ্যাপক মো. আমজাদ হোসেনের উদ্যোগে মা-বাবার নামে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা চেষ্টা করছি পিছিয়ে পড়া চিরিরবন্দরকে শিক্ষার আলোতে উদ্ভাসিত করতে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবার আন্তরিকতায় সাফল্য আসছে।’