দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ ইউপি সদস্য নিহত
দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবাইনগরে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনজন সদস্য নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন জোবেদা খাতুন, নোবেদা খাতুন ও রবিউল ইসলাম। জোবেদা সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কমিশনার ছিলেন। নোবেদা খাতুন সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা কমিশনার ছিলেন। এ ছাড়া রবিউল ইসলাম ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। জোবেদা খাতুন পরপর তিনবার মহিলা ওয়ার্ড কমিশনার হিসেবে নির্বাচিত হন। নোবেদা খাতুনও পরপর দুবার নির্বাচিত ছিলেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইকবাল শামীম বলেছেন, দুর্ঘটনার পরে চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ব্যক্তিদের লাশের ময়নাতদন্ত হয়েছে। পরে লাশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে। সেখানে জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।