দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সারা দেশে আবার শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। তবে গত ডিসেম্বরের শেষদিকে বয়ে যাওয়া ওই শৈত্যপ্রবাহের চেয়ে এবারের তীব্রতা অনেক বেশি। আজ সকালে দিনাজপুর জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ৪৫ বছরের মধ্যে এটি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। ১৯৬৮ সালে শ্রীমঙ্গলে ছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।রাজধানী ঢাকায় আজ সকালে তাপমাত্রা ছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবারের তাপমাত্রার চেয়ে তা ২ দশমিক ৪ ডিগ্রি কম। আবহাওয়া অধিদপ্তরের আবহওয়াবিদ রাশেদুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, শীতের এই দাপট আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা চলতে পারে। এর চেয়ে আর তাপমাত্রা কমার আশঙ্কা নেই। উত্তর দিক থেকে বয়ে যাওয়া ঠান্ডা হাওয়া, মেঘাচ্ছন্ন আকাশ ও কুয়াশার কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বলে জানান তিনি। বিভাগীয় শহরের মধ্যে আজ চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৬, রাজশাহীতে ৪ দশমিক ৪, খুলনায় ৭, বরিশালে ৬ দশমিক ৫, সিলেটে ৮ দশমিক ৪ ও রংপুরে ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।এমাসে আরও এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের ভাষ্য, এসব শৈত্যপ্রবাহ দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বয়ে যেতে পারে। তাপমাত্রা থাকতে পারে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে।