দিনাজপুরে সাড়ে ৪ ঘণ্টা পর মুক্ত হলেন ডিসিসহ ১০ পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে কাহারোল উপজেলায় এক ডাকাতির ঘটনায় সাড়ে চার ঘণ্টা অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জেলা প্রশাসকসহ (ডিসি) পুলিশের ১০ সদস্য। বিজিবি দিনাজপুর সেক্টরের কয়েকজন জওয়ান ও র‌্যাব এসে আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে তাঁদের উদ্ধার করেন।রংপুরের পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এসআই) মো. লুত্ফর রহমান খান জানান, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজনকে সাময়িক বরখাস্ত এবং থানা পুলিশের সব সদস্যকে রংপুরের পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শকের অধীনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ ছাড়া কাহারোল থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. আনিছুর রহমানকে বীরগঞ্জ থানার দায়িত্ব দেওয়া হয়েছে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, গতকাল সোমবার রাত দেড়টার দিকে উপজেলার ১ নম্বর ডাবর ইউনিয়নে ঘাসিয়ারা তাঁতীপাড়া গ্রামে পল্লি চিকিত্সক ও স্থানীয় বলেয়া উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক রাজেন্দ্র দেবনাথের বাড়িতে ১০-১২ জন ডাকাত গ্রিল ভেঙে ঢোকে। তারা আলমারি ভাঙচুর করে এবং তাতে থাকা ১০-১২ ভরি স্বর্ণালংকার ও ২০-২৫ হাজার টাকা লুট করে। বাধা দিলে ডাকাতেরা গৃহকর্তাকে মারধর করে। একপর্যায়ে পরিবারের সদস্যদের চিত্কারে আশপাশের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। বলেয়া বাজারে তারা ডাকাতদের মাইক্রোবাসটি আটকে পুড়িয়ে ফেলে। আজ ভোরের দিকে পুলিশ ঘটনাস্থলে এলে গ্রামবাসী পুলিশের অন্তত আট-নয়জন সদস্যকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে। সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জামালউদ্দিন আহম্মেদ ঘটনাস্থলে গেলে গ্রামবাসী তাঁকেও লাঞ্ছিত করে অবরুদ্ধ করে রাখে।গ্রামবাসীর অভিযোগ, মাইক্রোবাসে যারা ছিল তারা বীরগঞ্জ থানা পুলিশের সদস্য। তাদের কাছে পুলিশ যেমন অস্ত্র বহন করে, তেমন অস্ত্র ছিল। এ ছাড়া বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাতদের পালিয়ে যেতে সহায়তা করে বলে তারা অভিযোগ করে।এ ছাড়া পুড়িয়ে দেওয়া মাইক্রোবাসটির চালক সাইদুল ইসলাম গ্রামবাসীর কাছে দাবি করেছেন, বীরগঞ্জ থানার ওসি মাইক্রোবাসটি ভাড়া করেছিলেন।এ খবর শোনার পর গ্রামবাসী আরও উত্তেজিত হয়ে পড়ে। ভোরে এএসপি (বীরগঞ্জ সার্কেল), বীরগঞ্জ ও কাহারোল থানার পুলিশ ঘটনাস্থলে গেলে গ্রামবাসী তাদের অবরুদ্ধ করে রাখে। তাদের বহনকারী পিকআপ ভ্যানটি জ্বালিয়ে দেয়। ঘাসিয়ারা তাঁতীপাড়া গ্রামে অবরুদ্ধ কাহারোল থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনা তদন্ত করতে এসে তাঁরা জনতার হাতে অবরুদ্ধ হয়ে পড়েছেন।সকাল সাড়ে নয়টার দিকে উত্তেজিত এলাকাবাসী বীরগঞ্জ থানা ঘেরাও করে।সাড়ে ১০টার দিকে দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জামালউদ্দিন আহম্মেদ ঘটনাস্থলে গেলে গ্রামবাসী তাঁকে লাঞ্ছিত করে অবরুদ্ধ করে রাখে।