দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলায় আজ বুধবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারের কাছে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আজ বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন ঘোড়াঘাট উপজেলার বেলওয়া গ্রামের আবদুস ছামাদের ছেলে মিলন হোসেন (২৪) ও পুলানন্দপুর গ্রামের মাহিদুল ইসলাম (২৫)। তাঁরা উভয়েই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভাদুরিয়া বাজার থেকে মিলন ও তাঁর বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁরা ভাদুরিয়া বাজার অতিক্রম করে ৩০০-৪০০ গজ দূরে গেলে বিরামপুর থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তাঁরা দুজনেই রাস্তার উপর ছিটকে পড়েন। এ সময় ট্রাকটি তাঁদের মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলে তাঁরা নিহত হন।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকচালক ট্রাকটি ঘোড়াঘাটের হরিপাড়া সড়কে ফেলে পালিয়ে গেছেন।এদিকে দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মজনু মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া হাকিমপুর উপজেলার ১ নম্বর খট্টামাধপুর ইউনিয়নের রায়ভাগ (বাঘমারা) গ্রামের ছানা মণ্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী মোক্তাদুল ইসলাম ও ধান ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, মজনু মিয়া একটি মোটরসাইকেল নিয়ে বিরামপুর শহরে যাচ্ছিলেন। পথে ধানহাটি এলাকায় বিপরীত দিক থেকে একটি ট্রাক মজনুকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকচালককে আটকের জন্য ঘোড়াঘাটসহ পার্শ্ববর্তী থানায় জানানো হয়েছে।