দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চিরিরবন্দর উপজেলার উচিতপুরে মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। উত্তেজিত জনতা প্রতিবেদন লেখা পর্যন্ত এ মহাসড়ক অবরোধ করে রেখেছে।চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। মালবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে দিনাজপুর আসছিল। দুর্ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী নছিমনকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়।এতে নছিমনের চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাঁরা হলেন নছিমনের চালক আজিমুল হক (৩২), যাত্রী মাসুদ বাবু (২৮), নাজমুল হোসেন (৩৩) ও বকুল (৩০)। অন্য একজন অজ্ঞাত নারীযাত্রী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত যাত্রীদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন সুলতানা পারভীন (৩২), মাহফুজা বেগম (৪০), ফাহিমা খাতুন (২৫), মিমু (২.৬ বছর), শেফালী রানী (৪০), ভিক্টর (১৪), ইয়াসমিন বেগম (২৫)।এদিকে এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। দিনাজপুর ও চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। জনতাকে শান্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানান দিনাজপুরের কোতোয়ালি থানার সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন।