দিনাজপুরের বিরল উপজেলা চেয়ারম্যান কারাগারে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দিনাজপুরের বিরল উপজেলার চেয়ারম্যান মোকাররম হোসেনকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ বেলা ১১টার দিকে তাঁকে দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। বিচারক এ কে এম ফজলুল হক তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দেন। গতকাল রাতে মোকাররমের বিরুদ্ধে মামলা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী সরকার। রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদে তাঁর বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। দিনাজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসান মো. শওকত আলী এবং বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আজাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, দিনাজপুরের বিরল উপজেলার চেয়ারম্যান মো. মোকাররম হোসেন গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে ইউএনও এ কে এম আজাদুর রহমানের সঙ্গে আপত্তিকর আচরণ করে তাঁর কক্ষে ভাঙচুর করেন। ইউএনও চেয়ারম্যানকে একটি চিঠি দেওয়ায় তিনি অপমানিত বোধ করে এমন আচরণ করেন বলে জানা গেছে।