দিনাজপুরের বোচাগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিএনপি ও যুবলীগ আজ রোববার একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।জানা যায়, ১২ জানুয়ারি বোচাগঞ্জে পৌরসভা নির্বাচন হয়। এতে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ আসলাম ছয় হাজার ৭২৪ ভোট পান। তাঁর চেয়ে ১৮ ভোট বেশি পেয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুস সবুর মাস্টার (ছয় হাজার ৭৪২) মেয়র নির্বাচিত হন। তবে বিএনপি এ ফলাফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচন দাবি করেছে।এ ব্যাপারে বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বলেন, প্রশাসন অনিয়ম করে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করেছে। এর প্রতিবাদে তাঁরা আজ বেলা আড়াইটায় বোচাগঞ্জ বড় মাঠসংলগ্ন শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ডেকেছেন। এ ব্যাপারে অনুমতি চেয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমতিয়াজ হোসেনকে চিঠি দেওয়া হয়।উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দুপুরে বোচাগঞ্জ বড় মাঠসংলগ্ন শহীদ মিনারে যুবলীগ মাদকবিরোধী সমাবেশ ডেকেছে। এ ব্যাপারে অনুমতি চেয়ে ইউএনওকে চিঠি দেওয়া হয়েছে।ইউএনও মো. ইমজিয়াজ হোসেন জানান, উভয় পক্ষের কাছ থেকে চিঠি পাওয়ার পর তিনি তাঁদের নিয়ে সমঝোতা বৈঠকে বসেন। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। বিকেল থেকে উভয় পক্ষই সমাবেশের পক্ষে মাইকিং করতে থাকে। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন রাতে ১৪৪ জারি করা হয়।